টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর যেন হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। ফাইনাল জয়ের পর মাঠের ভেতরে আবেগঘন বক্তৃতায় হার্দিক তাঁর জীবনের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেছেন মাহিকা শর্মার নাম। হার্দিকের মতে, মাহিকা তাঁর জীবনে আসার পরই যেন সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে। এমনকি ম্যাচ শুরুর আগে দু’জন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে টিম ইন্ডিয়ার জয়ের জন্য বিশেষ প্রার্থনাও করেছিলেন।
কে এই মাহিকা শর্মা? তিনি মূলত একজন মডেল ও অভিনেত্রী। তানিশক, ভিভো এবং ইউনিক্লো-র মতো নামী ব্র্যান্ডের প্রচারের পাশাপাশি মণীশ মালহোত্রা, অনিতা ডোংরে ও তরুণ তাহিলিয়ানির মতো বিখ্যাত ডিজাইনারদের হয়ে র্যাম্পে হেঁটেছেন তিনি। অর্থনীতি ও ফিনান্সের ছাত্রী মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের গুঞ্জন প্রথম ছড়ায় অক্টোবর ২০২৫-এ, যখন তাঁদের মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই তাঁদের রসায়ন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে।
উল্লেখ্য যে, মাহিকা ও হার্দিকের বাগদান ও প্রেগন্যান্সি নিয়ে একাধিকবার জল্পনা ছড়ালেও মাহিকা নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেসব গুজবকে বুদ্ধিমত্তার সঙ্গে উড়িয়ে দিয়েছেন। হার্দিকের থেকে বয়সে প্রায় ৮ বছরের ছোট মাহিকার সঙ্গে অলরাউন্ডারের সম্পর্ক এখন অনেকটাই প্রকাশ্যে।
হার্দিকের অতীত সম্পর্কের কথা বললে, নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর মাহিকার আগমন তাঁর জীবনে নতুন প্রাণসঞ্চার করেছে। মাহিকার সঙ্গে হার্দিকের ছেলে অগস্ত্যর বন্ধুত্বপূর্ণ সম্পর্কও অনুরাগীদের নজর কেড়েছে। সাফল্যের শিখরে থাকা হার্দিক আপাতত মাহিকার সঙ্গেই তাঁর এই জয় উদযাপন করছেন, যা নিয়ে নেটদুনিয়ায় এখন প্রশংসার বন্যা।