নাতনির কান্নায় ঘুমে ব্যাঘাত! রাগের বশে ঘুমের মধ্যেই ছুরি দিয়ে কুপিয়ে খুন, সোনারপুরে গ্রেফতার অভিযুক্ত দাদু

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কোদালিয়ার কদমতলা এলাকায় এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একরত্তি শিশুকন্যার কান্নায় বারবার ঘুমে ব্যাঘাত ঘটছিল, আর এর জেরেই নিজের নাতনিকে খুন করার অভিযোগ উঠল তার দাদুর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে অভিযুক্ত দাদু রাগের বশে রান্নাঘর থেকে ছুরি এনে ঘুমের মধ্যেই অবুঝ শিশুটিকে কুপিয়ে খুন করেন। এই ঘটনার পর থেকেই শোকে বারবার মূর্ছা যাচ্ছেন শিশু কন্যার মা। বাবা এখন হাসপাতালের মর্গে দুধের শিশুর ময়নাতদন্তের অপেক্ষায়।

বাড়িতে যা ঘটেছিল

সূত্রের খবর, রবিবার সোনারপুরের কোদালিয়া কদমতলা এলাকায় বাড়ির ভিতর থেকে শিশুকন্যার চিৎকারের আওয়াজ পান এলাকাবাসীরা। তারা ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে বাচ্চা মেয়েটি। সারা ঘর ভেসে যাচ্ছে রক্তে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরই সোমবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ নিহত শিশুর দাদুকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে দিদা এবং বাড়ির পরিচারিকাকেও। পুলিশি জেরায় অভিযুক্ত দাদু নিজেই খুনের কথা স্বীকার করেছেন।

মানসিক বিকৃতি নিয়ে জল্পনা

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নিছক রাগ নাকি মানসিক বিকৃতি থেকে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও অভিযুক্ত নিজেই খুনের কথা স্বীকার করেছেন, তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া পেলেই মৃত্যুর সঠিক কারণ জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে এলাকাবাসীদের দাবি, মনের রোগ থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই প্রৌঢ়। স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, অভিযুক্ত প্রৌঢ় বাচ্চাটিকে বাড়ি থেকে বের হতে দিতেন না এবং পাড়া প্রতিবেশীদের বাচ্চাদের সঙ্গেও খেলতে দিতেন না।

অন্যদিকে: কৃষ্ণনগরে নিয়ন্ত্রণহীন স্করপিওর ধাক্কায় মৃত ১, সিসি ক্যামেরায় ধরা পড়ল দুর্ঘটনা
অন্যদিকে, রাজ্যজুড়ে উৎসবের মাঝে আরও এক মর্মান্তিক দুর্ঘটনার খবর মিলেছে কৃষ্ণনগর থেকে। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম সুজিত মাহাতো, বাড়ি কৃষ্ণনগরের বারুইহুদা এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পালপাড়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশের একটি দোকানের সামনে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। সেই সময় স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মেরে দোকানে ঢুকে গিয়ে উল্টে যায়। গুরুতর জখম ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুরো দুর্ঘটনার দৃশ্য দোকানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy