ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া (SIR) নিয়ে দেশের বর্তমান পরিস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে সংসদে সরব হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট দাবি করেন, নাগরিকত্ব বিচার করা বা কে নাগরিক আর কে নাগরিক নন, তা ঠিক করা কমিশনের কাজ নয়।
অনুপ্রবেশ নিয়ে বিজেপিকে আক্রমণ:
এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি পূর্বে বিহারে এসআইআর-এর সময় অনুপ্রবেশের কথা বলেছিল। তিনি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন, “বিহারের এসআইআর-এর সময়ে কি কোনও অনুপ্রবেশকারী ধরা পড়েছে?” তিনি আরও দৃঢ়তার সঙ্গে বলেন, “যদি দেশে অনুপ্রবেশ ঘটে থাকে, তবে তার দায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর।”
ভোটের তালিকা নিয়ে জটিল পরিস্থিতি:
কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর বিধানসভা কেন্দ্রের একটি ঘটনা তুলে ধরেন, যেখানে এক ভদ্রমহিলা জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তিনি জানান, মহিলার শ্বশুর ও শাশুড়ির নাম ১৯৯৫ সালের ভোটার তালিকায় ছিল। তাঁরা খড়গপুরে রেলওয়ে বিভাগে কাজ করতেন এবং ২০০১ সালে তাঁদের বদলি হয়ে যায়। ফলস্বরূপ, ২০০২ সালের এসআইআর প্রক্রিয়ার সময় তাঁরা সেই স্থান থেকে চলে যাওয়ায় তাঁদের নাম আর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
এই উদাহরণ তুলে ধরে তৃণমূল সাংসদ কমিশনকে নিশানা করেন। তিনি জোর দিয়ে বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়, এবং শেষ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টই নেবে।” তিনি আরও উল্লেখ করেন যে, বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আধার কার্ড অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলেও, প্রথম এনুমারেশন তালিকায় আধারকার্ড উল্লেখ করার বিষয়টি ছিল না।