নরম তুলতুলে আর মাখনের স্বাদে ভরপুর! বাড়িতেই বানান মেসিদের প্রিয় মিষ্টি ‘ডুলসে দে লেচে আলফাহোরেস’

ফুটবল মাঠে আর্জেন্টিনা যেমন জাদুকরী, তাদের ডেজার্ট বা মিষ্টির ভাণ্ডারও ঠিক তেমনই সমৃদ্ধ। আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় মিষ্টির নাম ‘আলফাহোরেস’ (Alfajores)। মুখে দিলেই মিলিয়ে যাওয়া এই মিষ্টির নরম বিস্কুট আর তার মাঝখানে ডুলসে দে লেচের মাখনের মতো মোলায়েম পুর—সব মিলিয়ে এক স্বর্গীয় স্বাদ। আপনিও যদি এই আর্জেন্টাইন ডেজার্ট বাড়িতে বানিয়ে চমকে দিতে চান পরিবারের সদস্যদের, তবে জেনে নিন এর সঠিক রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:
আলফাহোরেস তৈরির জন্য লাগবে ১২৫ গ্রাম ময়দা, ১২০ গ্রাম কর্নস্টার্চ, ১ চা চামচ বেকিং পাউডার, আধা চা-চামচ বেকিং সোডা, ১০০ গ্রাম নরম মাখন, ১০০ গ্রাম চিনি, ২টি ডিমের কুসুম, ১ চা-চামচ ভ্যানিলা এসেন্স এবং সামান্য লেবুর খোসা কুঁচি। ফিলিংয়ের জন্য প্রয়োজন ৩০০ গ্রাম ডুলসে দে লেচে এবং ওপরে সাজানোর জন্য আধ কাপ কোরানো নারকেল ও সামান্য গুঁড়ো চিনি।

প্রস্তুতি ও রান্না:
প্রথমে একটি বাটিতে ময়দা, কর্নস্টার্চ, বেকিং পাউডার ও বেকিং সোডা মিশিয়ে নিন। অন্য পাত্রে মাখন ও চিনি ভালো করে ফেটিয়ে ক্রিমের মতো তৈরি করুন। এতে ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স ও লেবুর খোসা মিশিয়ে নিন। এবার শুকনো উপকরণগুলো ধীরে ধীরে মিশিয়ে একটি নরম মণ্ড (ডো) তৈরি করুন। ডো-টি ৩০ মিনিট ফ্রিজে রেখে সেট হতে দিন। এরপর এটি আধা সেন্টিমিটার পুরু করে বেলে গোলাকার বিস্কুটের আকারে কেটে নিন। ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১২ মিনিট বেক করুন। বিস্কুটের নিচের দিক সোনালি হলে নামিয়ে নিন। পুরোপুরি ঠান্ডা হলে একটি বিস্কুটের ওপর ডুলসে দে লেচে মাখিয়ে ওপর থেকে আরেকটি বিস্কুট দিয়ে স্যান্ডউইচের মতো চেপে দিন। সবশেষে ধারের অংশগুলো কোরানো নারকেলে গড়িয়ে ওপরে গুঁড়ো চিনি ছিটিয়ে পরিবেশন করুন।

ডুলসে দে লেচে তৈরির গোপন কৌশল:
বাজারে ডুলসে দে লেচে না পেলে ঘরেই বানিয়ে নিতে পারেন। কনডেন্সড মিল্কের ক্যানটি একটি বড় পাত্রে রেখে ক্যানের ওপর অন্তত ২ ইঞ্চি জল দিন। এরপর পাত্রটি ঢেকে মাঝারি আঁচে ২-৩ ঘণ্টা সেদ্ধ করুন। খেয়াল রাখবেন ক্যানটি যেন সর্বদা জলে ডুবে থাকে। সেদ্ধ হওয়ার পর ক্যান পুরোপুরি ঠান্ডা হলে খুলুন। দেখবেন দুধ ঘন সোনালি রঙের ডুলসে দে লেচেতে পরিণত হয়েছে।

ব্যাস, তৈরি আপনার জিভে জল আনা আর্জেন্টাইন ডেজার্ট! বিকেলে চা বা কফির আড্ডায় এই মিষ্টির কোনো জুড়ি নেই।