নম্বরপ্লেট জালিয়াতির অদ্ভুত কাণ্ড! হাবড়ার ডাক্তারের বাইকের নামে কলকাতার স্কুটির ফাইন, শহরে মাথাচাড়া দিচ্ছে প্রতারণা চক্র

শহরে ফের মাথাচাড়া দিচ্ছে নম্বরপ্লেট জালিয়াতির এক অদ্ভুত প্রতারণা চক্র। প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে থাকা এক নিরপরাধ ব্যক্তির ওপর চাপল আইন ভঙ্গের দায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়।

জানা গিয়েছে, কলকাতার ইকোপার্ক থানা এলাকায় চলাচলকারী একটি স্কুটিতে হাবড়ার বাসিন্দা, গ্রামীণ চিকিৎসক খোকন সরকারের বাইকের নম্বরপ্লেট ব্যবহার করা হয়েছে। কয়েক দিন আগে ইকো পার্ক ট্রাফিক গার্ডের সার্জেন্ট ওই স্কুটি চালককে আইন ভঙ্গের অভিযোগে জরিমানা করেন। স্কুটি চালক জরিমানা না দেওয়ায়, সরকারি তরফে ফাইন নোটিশ পাঠানো হয় গাড়ির মালিক খোকন সরকারের নামে।

ভুলের মাশুল গুনছেন চিকিৎসক: ফাইন নোটিশ হাতে পেয়ে চমকে ওঠেন খোকনবাবু। তাঁর অভিযোগ, তিনি বাইকটি কেনার পর কখনও হাবড়ার বাইরেই যাননি। অথচ কলকাতার ইকোপার্ক এলাকায় তাঁর নম্বরপ্লেট ব্যবহার করে আইন ভাঙা হয়েছে। খোকনবাবুর উদ্বেগ এখন শুধু ফাইন নিয়ে নয়, তিনি বলছেন, “যদি ওই স্কুটি দিয়ে বড় কোনও অপরাধ হয়, তবে আমার নাম জড়াবে বা দোষ চাপবে।” সেই আতঙ্কই এখন তাঁকে গ্রাস করেছে।

পরিস্থিতি বুঝে তিনি অবিলম্বে হাবড়া থানার পাশাপাশি কলকাতার ইকোপার্ক থানার সঙ্গেও যোগাযোগ করেন। দুই থানার পুলিশ তাঁকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

কঠোর ব্যবস্থার দাবি: খোকন সরকার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যারা নম্বরপ্লেট জালিয়াতির মাধ্যমে এই ধরনের প্রতারণা করছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিশেষজ্ঞ মহল মনে করছে, শহরে বাইক ও স্কুটির নম্বর বদল করে চলা এই ধরনের প্রতারণা চক্র এখন প্রশাসনের কাছে এক বড় মাথাব্যথার কারণ।