পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার ২৪০ কোম্পানি বাহিনী গত ১ মার্চ থেকেই রাজ্যে রুটমার্চ শুরু করেছে। এবার আগামী ১০ মার্চ রাজ্যে আসছে দ্বিতীয় দফার আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে মার্চের মাঝামাঝিতেই রাজ্যে মোট ৪৮০ কোম্পানি বাহিনী মোতায়েন হয়ে যাবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার এই ২৪০ কোম্পানি বাহিনীর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্পর্শকাতর এবং সীমান্ত জেলাগুলিকে। প্রথম দফার মতোই উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে মোতায়েন থাকবে বিশাল বাহিনী। ১০ মার্চের মোতায়েনের পর জেলাভিত্তিক বাহিনীর বিন্যাস অনেকটা এইরকম হতে পারে:
-
উত্তর ২৪ পরগনা: এখানে সব মিলিয়ে প্রায় ৩০ কোম্পানি বাহিনী থাকার কথা।
-
মুর্শিদাবাদ: দুই পুলিশ জেলা মিলিয়ে প্রায় ১৬ কোম্পানি।
-
পূর্ব মেদিনীপুর: বিরোধী দলনেতার খাসতালুক হিসেবে পরিচিত এই জেলায় ১৪ কোম্পানি বাহিনী থাকবে।
-
কলকাতা ও মালদা: দুই জেলাতেই ১২ কোম্পানি করে বাহিনী মোতায়েন হচ্ছে।
-
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া: এই দুই স্পর্শকাতর জেলায় ১৫ কোম্পানি করে বাহিনী থাকছে।
-
উত্তরবঙ্গ: কোচবিহারে ৯ কোম্পানি, জলপাইগুড়িতে ৭ এবং দার্জিলিং-কালিম্পং মিলিয়ে প্রায় ৯ কোম্পানি বাহিনী থাকবে।
কমিশনের এই আগাম তৎপরতার মূল উদ্দেশ্য হলো ভোটারদের মনে আত্মবিশ্বাস জাগানো এবং এলাকা দখলদারি রোখা। এবার বাহিনীর প্রতিটি গাড়িতে জিপিএস (GPS) এবং জওয়ানদের বডি-ক্যামেরা থাকার কথা, যাতে প্রতিটি মুভমেন্টের ওপর নবান্ন ও কমিশন কড়া নজর রাখতে পারে।