নবান্নের নতুন ফতোয়া: ১৫ জুন থেকে বায়োমেট্রিক বাধ্যতামূলক, দেরি করলেই হাজিরা ‘অনুপস্থিত’!

সরকারি কাজের গতি বৃদ্ধি এবং দপ্তরে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি কর্মীদের জন্য এবার থেকে বায়োমেট্রিক বা ফেস রিকগনিশন হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, আগামী ১৫ জুন থেকে প্রথম পর্যায়ে নবান্নে এই নিয়ম কার্যকর হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে এই ব্যবস্থা চালু হয়ে যাবে।

হাজিরার নতুন নিয়মাবলী: নবান্নের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, অফিসে ঢোকা এবং বেরোনোর সময় ফেস রিকগনিশন ডিভাইসে হাজিরা নথিভুক্ত করা বাধ্যতামূলক। নিয়ম না মানলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে:

  • দেরি (Late): সকাল ১০:১৫ মিনিট থেকে ১১টার মধ্যে অফিসে ঢুকলে তা ‘দেরি’ বা লেট হিসেবে গণ্য হবে।

  • অনুপস্থিত (Absent): সকাল ১১টার পর অফিসে ঢুকলে সংশ্লিষ্ট কর্মীকে ওই দিনের জন্য সরাসরি ‘অনুপস্থিত’ বলে ধরে নেওয়া হবে।

  • আর্লি ডিপারচার (Early Departure): বিকেল ৫:১৫ মিনিটের আগে অফিস থেকে বেরোলে তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে বিবেচিত হবে।

  • ছুটি কাটা (Leave Deduction): কোনো কর্মী যদি একই দিনে দেরিতে আসেন এবং আগে বেরিয়ে যান, তবে তাঁর ওই দিনের ক্যাজুয়াল লিভ (CL) কেটে নেওয়া হবে। এছাড়া, মাসে তিন দিন দেরি বা আগে বেরোনোর রেকর্ড থাকলে এক দিনের সিএল কাটা যাবে।

  • আউট পাঞ্চ: অফিস থেকে বেরোনোর সময় ‘আউট পাঞ্চ’ না করলে কর্মীকে ওই দিনের জন্য অনুপস্থিত বলে গণ্য করা হবে।

মন্ত্রীর বার্তা: রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল এই কড়া পদক্ষেপের পক্ষে সাফাই দিয়ে বলেছেন, “প্রতিটি কর্মচারীকে কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে। সময়মতো আসতে হবে এবং সময়মতো যেতেও হবে।”

ছাড়ের নিয়ম: তবে কাজের স্বার্থে বা সরকারি মিটিংয়ের কারণে কোনো কর্মীর দেরি হলে বা আগে বেরোনোর প্রয়োজন হলে, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের অনুমোদন সাপেক্ষে ছাড় মিলবে। নবান্নের এই নতুন নির্দেশিকা সরকারি দপ্তরগুলোতে কত দ্রুত শৃঙ্খলা ফেরাতে পারে, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy