নন্দীগ্রামে ধুন্ধুমার! পবিত্র করের মিছিল ঘিরে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় বাংলা’ স্লোগানে রণক্ষেত্র বাসুলিচক

নির্বাচনী পারদ চড়তেই ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। তৃণমূল প্রার্থী পবিত্র করের জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাসুলিচক এলাকা। স্থানীয় সূত্রের খবর, এদিন তৃণমূলের একটি বিশাল বাইক মিছিল বাসুলিচক অতিক্রম করার সময় আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, মিছিল চলাকালীন একদল যুবক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করলে পাল্টা ‘জয় বাংলা’ স্লোগানে সরব হন তৃণমূল কর্মীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও ইটবৃষ্টি। এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, তাদের প্রার্থী পবিত্র করকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছে এবং পরিকল্পিতভাবে মিছিলে বিঘ্ন ঘটানো হয়েছে। অন্যদিকে, গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তৃণমূল কর্মীরাই প্ররোচনামূলক আচরণ করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy