নদী পেরোতে ঝুঁকি! মহিষাদল ও নন্দীগ্রামের মাঝে ব্রিজ ও জেটি ঘাটের দাবি

হলদি নদীর দুই পাড়ে অবস্থিত নন্দীগ্রাম ও মহিষাদলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এখনো ঝুঁকিপূর্ণ। নদীর ওপর একটি ব্রিজ এবং কংক্রিটের জেটি ঘাট তৈরির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। নদী পারাপার করতে প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকা ব্যবহার করেন।
মহিষাদলের তেরপেখ্যা ঘাটে কোনো কংক্রিটের জেটি না থাকায় যাত্রীদের প্রায়ই কাদার মধ্যে নেমে নৌকায় উঠতে হয়। ভাটার সময় পরিস্থিতি আরও খারাপ হয়, তখন নদীর মাঝ পর্যন্ত হেঁটে যেতে হয়। এই কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, বিশেষ করে বাইক নিয়ে পারাপারের সময়। স্থানীয়দের অভিযোগ, ভাড়া বাড়লেও যাত্রী সুরক্ষার দিকে কোনো মনোযোগ দেওয়া হয় না।
যাত্রীরা অবিলম্বে একটি ব্রিজ এবং উত্তর পাড়ে কংক্রিটের জেটি ঘাট তৈরির দাবি জানিয়েছেন। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক আশ্বাস দিয়েছেন যে, সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।