ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের পরিবারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ প্রতীক্ষা এবং মানসিক লড়াইয়ের পর সফলভাবে ‘জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি’ বা লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচার সম্পন্ন করলেন সঞ্জয়-কন্যা অনয়া বাঙ্গার। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খবর নিজেই জানিয়েছেন তিনি। আর এই বিশেষ মুহূর্তে তাঁর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেল খোদ সঞ্জয় বাঙ্গারকে।
অনয়া, যিনি আগে আরিয়ান নামে পরিচিত ছিলেন, গত কয়েক বছর ধরেই নিজের শারীরিক ও মানসিক পরিবর্তনের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আসছিলেন। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (HRT) চলাকালীন তাঁর অভিজ্ঞতার কথা তিনি ভক্তদের জানিয়েছিলেন। এদিন অস্ত্রোপচার পরবর্তী একটি ছবি পোস্ট করে অনয়া লেখেন, “অবশেষে আমি সেই মানুষটি হয়ে উঠলাম, যা আমি চিরকাল হতে চেয়েছিলাম।” ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় অনয়াকে হাসিমুখে আগলে রেখেছেন বাবা সঞ্জয় বাঙ্গার। মেয়ের এই কঠিন সিদ্ধান্তে পরিবারের এই সমর্থন নেটপাড়ায় প্রশংসা কুড়াচ্ছে।
ক্রিকেট জগতেও একসময় বেশ সক্রিয় ছিলেন অনয়া (তদানীন্তন আরিয়ান)। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন এবং সেখানে স্থানীয় ক্লাব ক্রিকেটের সঙ্গে যুক্ত। তবে হরমোন পরিবর্তনের কারণে পেশাদার ক্রিকেটে লিঙ্গ বৈষম্য ও নিয়মের বেড়াজালে তাঁকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনয়া জানিয়েছেন, এই সফরটি সহজ ছিল না, কিন্তু বাবার সমর্থন তাঁকে প্রতিনিয়ত সাহস জুগিয়েছে। লিঙ্গ পরিচয় নিয়ে দ্বিধায় থাকা বহু মানুষের কাছে অনয়া বাঙ্গার এখন এক অনুপ্রেরণার নাম।