জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। শুক্রবার সন্ধ্যায় দলের তরফে জানানো হয়েছে, ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আবারও প্রার্থী হচ্ছেন আইএসএফ-এর বিদায়ী বিধায়ক তথা দলের প্রধান মুখ নওশাদ সিদ্দিকী।
গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে সংযুক্ত মোর্চার ভরাডুবির মাঝেও ভাঙড় থেকে জয় ছিনিয়ে এনেছিলেন নওশাদ। এবারের নির্বাচনে তিনি অন্য কোনো হেভিওয়েট আসন থেকে লড়বেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চর্চা ছিল। তবে এদিনের ঘোষণায় স্পষ্ট হয়ে গেল যে, নিজের গড় ভাঙড়কেই পাখির চোখ করছেন তিনি। নওশাদ জানিয়েছেন, “ভাঙড়ের মানুষ আমার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। উন্নয়নের লড়াই ভাঙড় থেকেই শুরু হবে।”
এদিন মোট ৩৩টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আইএসএফ। নওশাদ সিদ্দিকীর পাশাপাশি একগুচ্ছ নতুন ও পরিচিত মুখকে এবার নির্বাচনী ময়দানে নামিয়েছে আব্বাস সিদ্দিকীর হাতে গড়া এই দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ-এর লড়াই বরাবরই হাড্ডাহাড্ডি হয়। নওশাদ নিজে প্রার্থী হওয়ায় সেই লড়াই যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ২০২৬-এর এই মহারণে নওশাদ তাঁর জয়ের ধারা বজায় রাখতে পারেন কি না।