দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে ছেলের দেখা পেয়েছিলেন ৬২ বছরের সুশীলা মুর্মু। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে। ২০ বছর পর হারিয়ে যাওয়া মা-কে খুঁজে পেয়েও বাড়িতে ফিরিয়ে নিতে অস্বীকার করল ছেলে। শর্ত একটাই— খ্রিস্ট ধর্ম ত্যাগ করে হিন্দু হতে হবে, তবেই জুটবে ভিটেয় ঠাঁই। কলকাতার হোমে আশ্রয় নেওয়া ঝাড়খণ্ডের বাসিন্দা সুশীলা মুর্মুর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর ধর্ম বিশ্বাসের কারণে গ্রামছাড়া হয়েছিলেন সুশীলা দেবী। ২০০১ সালে স্মৃতিভ্রষ্ট অবস্থায় তাঁকে উদ্ধার করে মিশনারিজ অফ চ্যারিটি। সম্প্রতি রেডিও ক্লাবের তৎপরতায় ঝাড়খণ্ডের দাহুপাগড় গ্রামে তাঁর ছেলের খোঁজ মেলে। কিন্তু ভিডিও কলে ছেলে স্পষ্ট জানিয়ে দেন, ধর্ম পরিবর্তন না করলে মা-কে গ্রহণ করা সম্ভব নয়। অন্যদিকে নিজের বিশ্বাসে অনড় সুশীলা দেবীও সটান জানিয়ে দিয়েছেন, “ধর্ম ত্যাগ করতে পারব না।” বর্তমানে ছেলের ওপর অভিমান করে কলকাতার সেই হোমকেই নিজের ঠিকানা বেছে নিয়েছেন তিনি। পুলিশ ও স্থানীয় প্রশাসন এখন মা-ছেলের এই দূরত্ব ঘোচানোর চেষ্টা চালাচ্ছে।