টলিপাড়ার অন্দরমহলে জমতে থাকা অস্বস্তির মেঘ অবশেষে বিস্ফোরক আকার নিল। গত ২৮ মে এনটিওয়ান স্টুডিয়োতে এক ভয়াবহ ঘটনায় ম্যানেজার সনত চট্টোপাধ্যায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হতেই নড়েচড়ে বসেছে টলিউড। অভিযোগের আঙুল উঠেছে বিজেপি-সমর্থক সঞ্জয় গুহ এবং তাঁর সহযোগীদের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে টলিউডের ম্যানেজার গিল্ড এবং অভিযুক্তদের মধ্যে যে আইনি ও রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, তা এখন টলিপাড়ার প্রধান আলোচনার বিষয়।
Cine Production Managers Association (CPMA) জানিয়েছে, এই সংঘাত শুধুমাত্র ব্যক্তিগত বিরোধ নয়, বরং সংগঠনের নিয়ম ও শৃঙ্খলা ভাঙার এক সুপরিকল্পিত অপচেষ্টা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত এক বছর ধরে একদল ‘অতি উৎসাহী’ ব্যক্তি লেবার ইউনিয়ন কমিশনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, যেখানে সংগঠন সম্মানের সঙ্গে জয়লাভ করেছে। সেই জয়ের সরকারি নথিও তাদের কাছে রয়েছে। কিন্তু পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে অভিযুক্তরা নাকি এখন ব্যক্তিগত আক্রোশের পথ বেছে নিয়েছেন।
ম্যানেজার গিল্ডের সম্পাদক মহঃ হাসান ও সহ-সম্পাদক নিরুপম দে’র অভিযোগ, ৪ মে’র পর থেকে তাঁদের লক্ষ্য করে সামাজিক মাধ্যমে লাগাতার অপমানজনক মন্তব্য ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে। অভিযোগ, তাঁদের ধর্মীয় পরিচয় নিয়ে কটাক্ষ করা হয়েছে এবং ‘জঙ্গি’ বা ‘হার্মাদ’ বলে জনসমক্ষে হেয় করার চেষ্টা করা হয়েছে। এই তালিকায় নাম উঠে এসেছে সঞ্জয় গুহ, তাপস খাঁ, পূর্ণেন্দু শেখর মল্লিক, বাপি সান্যাল, সঞ্জীব বণিক এবং সুব্রত বিশ্বাসের।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো স্টুডিয়োর ভেতরের ঘটনা। সংগঠনের দাবি, বহিরাগতদের সাথে নিয়ে স্টুডিয়োর ভেতর তাঁদের সহকর্মীর গায়ে হাত তোলা হয়েছে। এই ঘটনা টলিপাড়ার কর্মসংস্কৃতি ও নিরাপত্তার ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। শিল্পীমহল থেকে টেকনিশিয়ান—সবাই এই ঘটনায় স্তম্ভিত।
ইতিমধ্যেই এই অপমানের জবাব দিতে পুলিশ কোর্ট ও সিভিল কোর্টে ৩২ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করেছে ম্যানেজার গিল্ড। আগামী মাসেই এই মামলার শুনানি হওয়ার কথা। এছাড়াও আলিপুর আদালতে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। গিল্ডের স্পষ্ট বক্তব্য, সংগঠন কোনো অন্যায় বরদাস্ত করবে না এবং আইন মেনেই এই সংঘাতের জবাব দেওয়া হবে। অভিযুক্তদের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে টলিপাড়ার এই দলাদলি যে ভবিষ্যতে আরও বড় কোনো অশান্তির পূর্বাভাস দিচ্ছে, তা বলাই বাহুল্য।





