“দেশ রাস্তা থেকে চলবে না, সংসদ থেকে চলবে!” আরএসএস ও ব্রাহ্মণবাদ বিরোধী স্লোগান নিয়ে বিস্ফোরক রামদেব

আরএসএস ও ব্রাহ্মণবাদ বিরোধী ‘আজাদী’ স্লোগান এবং জন্তর-মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন যোগ গুরু রামদেব। বুধবার উত্তরাখণ্ডের হরিদ্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, দেশ কোনোভাবেই রাস্তা থেকে চলবে না, দেশ পরিচালিত হবে একমাত্র সংবিধান ও সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে।
হরিদ্বারে বক্তব্য রাখতে গিয়ে রামদেব বলেন, ব্রাহ্মণবাদ বা আরএসএসের বিরুদ্ধে স্লোগান তোলা অনুচিত হলেও সংবিধান ভারতের প্রতিটি সম্প্রদায়কে সমান অধিকার প্রদান করে। শিক্ষা মন্ত্রী কে হবেন, তা রাজপথে ঠিক হতে পারে না; এটি স্থির করবেন দেশের প্রধানমন্ত্রী ও সংসদ। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি যদি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে থাকেন এবং আরএসএস থেকে দেশপ্রেমের শিক্ষা পেয়ে থাকেন, তবে তাতে কারো অসন্তুষ্ট হওয়ার কারণ থাকা উচিত নয়। রামদেবের ভাষায়, “আমাদের সংবিধান যেমন দলিত ও শোষিতদের অধিকার দেয়, তেমনি ব্রাহ্মণদেরও সুরক্ষার অধিকার দেয়। তাই ব্রাহ্মণবাদ কিংবা শূদ্রদের গালি দেওয়া সম্পূর্ণ অসংবিধানিক।”
একই সঙ্গে জন্তর-মন্তরে শিক্ষার্থীদের ‘জেন জি’ (Gen Z) বিক্ষোভের তীব্র সমালোচনা করে যোগ গুরু বলেন, এই ধরণের অনভিপ্রেত আচরণ আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। গালিগালাজ ভারতীয় সংস্কৃতি বা স্বভাবের অংশ নয়; ভারতীয় সমাজ সবসময় গুরুজন ও পিতামাতার দেখানো পথ অনুসরণ করে এসেছে।
অন্যদিকে, নিট-ইউজি ২০২৬ (NEET-UG 2026) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কড়া পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন ‘কাকরচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিপকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের আশ্বাস সত্ত্বেও যদি আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে প্রশাসনিক নিপীড়ন অব্যাহত থাকে, তবে ফের দেশজুড়ে সুবিশাল গণবিক্ষোভ গড়ে তোলা হবে।