মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মাঝেই দানা বেঁধেছিল এক নতুন আতঙ্ক— দেশে কি ফের কোভিডের মতো ‘লকডাউন’ হতে চলেছে? শুক্রবার এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, লকডাউন নিয়ে ছড়িয়ে পড়া খবরগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সরকারের এমন কোনও পরিকল্পনাই নেই।
সামাজিক মাধ্যম এক্স (X)-এ একটি পোস্টে মন্ত্রী লিখেছেন, “ভারতে লকডাউন জারির গুজবটি পুরোপুরি মিথ্যে। ভারত সরকারের কাছে এই মুহূর্তে এমন কোনও প্রস্তাব নেই। এই কঠিন সময়ে আমাদের শান্ত ও ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।” মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার খবরে রান্নার গ্যাস ও পেট্রোলের আকাল দেখা দিতে পারে বলে প্যানিক বায়িং শুরু হয়েছিল, যা থেকেই লকডাউনের গুজব ছড়ায়। মন্ত্রী সাফ জানিয়েছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণ অটুট।
উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে জানিয়েছিলেন যে, ভারত যে কোনও পরিস্থিতির জন্য তৈরি। গত ১১ বছরে দেশে ৫৩ লক্ষ মেট্রিক টন কৌশলগত তেলের ভাণ্ডার গড়ে তোলা হয়েছে এবং ভবিষ্যতে আরও ৬৫ লক্ষ মেট্রিক টন মজুত করার পরিকল্পনা রয়েছে। সরকার সমস্ত উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে, তাই অহেতুক আতঙ্কিত হয়ে পাম্পে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে।