“দেশের মধ্যে সবচেয়ে দ্রুত কাজ করছেন শুভেন্দু!” পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে মেগাস্ফোটক মন্তব্য নিতিন নবীনের

দুদিনের রাজ্য সফরে এসে বাংলার প্রশাসনিক গতির ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে আয়োজিত এক জনসভা ও ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে তাঁর কাজের গতি ও দক্ষতার খাস তারিফ করেন তিনি। নিতিন নবীনের এই প্রশংসাসূচক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
এ দিন পানিহাটির মঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি দাবি করেন, দলের দেওয়া সংকল্প পত্রের প্রতিশ্রুতি পূরণে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কাজ করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, বিগত কয়েক দশকে রাজ্যে যে উন্নয়ন থমকে ছিল, বর্তমান সরকারের এই গতিশীল কার্যকারিতা বজায় থাকলে ২০৪৭ সালের মধ্যে পশ্চিমবঙ্গ এক সম্পূর্ণ ‘বিকশিত রাজ্যে’ পরিণত হবে।
পাশাপাশি, এ দিনের এই মঞ্চ থেকে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইসিডিএস কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি এবং তাঁদের ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় নিয়ে আসার পাশাপাশি রাজ্যের সমস্ত আইসিডিএস কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা করেন তিনি। সব মিলিয়ে, পানিহাটির এই মেগা কর্মসূচি থেকে প্রশাসনিক ও সাংগঠনিক উভয় ক্ষেত্রেই সুদিন ফেরার জোরালো বার্তা দিল শাসক শিবির।