এসআরএফটিআই-এর সংঘর্ষ নিয়ে ফুঁসছেন তথাগত! “পুলিশের মুখের উপর থাপ্পড়,” কোন চরম হুঁশিয়ারি দিলেন পরিচালক?

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) দুই গোষ্ঠীর সংঘর্ষ ও তাণ্ডবের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। একটি অনুষ্ঠান চলাকালীন উস্কানিমূলক ভাষণের জেরে শুরু হওয়া প্রতিবাদ এবং তার পরবর্তীতে ক্যাম্পাসে ঢুকে দলবল নিয়ে হামলা ও মারধরের ঘটনায় চারদিক থেকে ধিক্কার উঠছে। এবার এই হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করে পুলিশ-প্রশাসনকে একহাত নিলেন বিশিষ্ট অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়।

রবিবার এসআরএফটিআই চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ক্যাম্পাসের ভেতরেই কিছু মানুষ উস্কানিমূলক ভাষণ দিচ্ছিলেন, যার প্রতিবাদ জানান পড়ুয়ারা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতেই বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায় এবং কয়েকজন অধ্যাপকও নিগ্রহের শিকার হন। এই ঘটনায় গোটা শিক্ষা মহলে চরম আতঙ্ক ছড়িয়েছে।

কী বললেন তথাগত মুখোপাধ্যায়?

এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তথাগত মুখোপাধ্যায় বলেন, “যে ধরনের আক্রমণের ঘটনা দেখা গিয়েছে, দলে দলে লোক ঢুকে ছাত্রদের ছুরি দিয়ে আঘাত করেছে—তা গোটা দেশের আইন-প্রশাসনের গালে একটা সজোরে থাপ্পড়। এসআরএফটিআই আমাদের রাজ্যের গর্ব, একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। সেখানে এই ধরনের ঘটনা ঘটা আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী এবং নাগরিকের জন্য অত্যন্ত লজ্জাজনক।”

আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতাকে তীব্র ভাষায় আক্রমণ করে পরিচালক আরও বলেন, “তর্কের খাতিরে ধরে নিলাম, কেউ আমাকে অপমান করেছে, আমার ছবি ছিঁড়ে দিয়েছে কিংবা আদর্শকে গালাগাল করেছে। তার জন্য কি আমার অধিকার তৈরি হয় যে আমি তার উপর ছুরি নিয়ে হামলা করব? আমাদের পুলিশ-প্রশাসন বলে কি আর কিছু নেই? এবার কি তবে নিজেদের রক্ষা করতে নিজেদের আইন ও দল তৈরি করতে হবে?” বিচার ব্যবস্থা ও প্রশাসনের স্থান কোনো দল বা গোষ্ঠী নিতে পারে না বলে স্পষ্ট ভাষায় মন্তব্য করেছেন তিনি।