দেশীয় প্রযুক্তিতে নতুন ইতিহাস! BSNL-এর ‘স্বদেশী’ 4G স্ট্যাক চালু করলেন মোদী, এক ধাক্কায় ৯৭,৫০০-র বেশি মোবাইল টাওয়ার সক্রিয়

রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এর জন্য শনিবার এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে BSNL-এর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘স্বদেশী’ ৪জি স্ট্যাক চালু করেছেন। একই সঙ্গে তাঁর হাত ধরে ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার সহ আটটি রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা ৯৭ হাজার ৫০০-এরও বেশি মোবাইল টাওয়ারও সক্রিয় করা হয়েছে। এই বিশাল উদ্যোগ টেলিযোগাযোগ পরিকাঠামোর ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

‘ফিউচার রেডি’ ৪জি প্রযুক্তি
যোগাযোগ মন্ত্রক এই নতুন উদ্যোগ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তাঁদের মতে, ৪জি স্ট্যাক হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের এমন এক যুগলবন্দী, যা কলের গুণমান বৃদ্ধি, নিরবচ্ছিন্ন ডেটা প্রবাহ এবং শক্তিশালী ইন্টারনেট সংযোগ নিশ্চিত করবে।

BSNL-এর রজতজয়ন্তী উপলক্ষে চালু হওয়া এই ‘স্বদেশী’ ৪জি স্ট্যাক সম্পূর্ণভাবে সফটওয়্যার চালিত এবং ক্লাউড-ভিত্তিক। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ‘ফিউচার রেডি’—অর্থাৎ, ভবিষ্যতে প্রয়োজন হলে একে নির্বিঘ্নেই ৫জি-তে আপগ্রেড করা যাবে।

এই স্বদেশী ৪জি স্ট্যাকটি তৈরি হয়েছে দেশের তিন প্রধান সংস্থার যৌথ উদ্যোগে:

তেজস নেটওয়ার্কস (Tejas Networks): রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) তৈরি করেছে।

সি-ডট (C-DOT): সফটওয়্যার তৈরি করেছে।

টিসিএস (TCS): এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রত্যন্ত গ্রাম ও সেনাদের সুবিধা
ওড়িশার ঝারসুগুড়ায় ৬০,০০০ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এটা গর্বের বিষয় যে BSNL একটি সম্পূর্ণ স্বদেশী ৪জি প্রযুক্তি তৈরি করেছে।”

প্রধানমন্ত্রী আরও জানান, এই প্রযুক্তির মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে দেশের সীমান্তবর্তী জেলা এবং প্রত্যন্ত গ্রামগুলি, যেখানে দ্রুতগতির ইন্টারনেটের সমস্যা ছিল। একইসঙ্গে, এর মাধ্যমে ভারতীয় সেনারাও উন্নত যোগাযোগ পরিকাঠামোয় বড় সুবিধা পাবেন।