ঘণ্টার ক্যাব রাইড, আস্ত লাইভ ‘সোপ অপেরা’! প্রেম, প্রতারণা, আত্মহত্যার হুমকি— র্যাপিডো চালকের জীবনের নাটক দেখে হতবাক যাত্রী

বেঙ্গালুরুতে একটি সাধারণ র্যাপিডো সফর সম্প্রতি এক যাত্রীর কাছে অপ্রত্যাশিতভাবে একটি লাইভ সোপ অপেরার অভিজ্ঞতায় পরিণত হয়েছে। প্রায় এক ঘণ্টার যাত্রাপথে ক্যাব চালকের অবিরাম ফোনে কথা বলার সূত্র ধরে যাত্রীটি তাঁর ব্যক্তিগত জীবনের নানা নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকলেন। সেই কথোপকথনে কী ছিল না? প্রেম ভাঙার যন্ত্রণা, আত্মহত্যার হুমকি, প্রতারণার ছক, যানজট নিয়ে নালিশ, এমনকি প্রেমের পরামর্শ!
১ ঘণ্টার রাইডে জীবনের নানা পর্ব
ঘটনার কথা এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) জানিয়ে ওই যাত্রী লিখেছেন যে, প্রথমে চালকের এক বন্ধু কাঁদতে কাঁদতে ফোন করে জানায়, তার ভালোবাসার মেয়েটি অন্য একজনকে ভালোবাসে, আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে চায়।
এরপর একের পর এক ফোন কল চলতে থাকে। ওই চালক তখন তার অন্য এক বন্ধুকে ফোন করে হতাশার কথা শুনে তাকে সব সামলাতে বলেন, যতক্ষণ না তিনি নিজে সেখানে পৌঁছচ্ছেন। এরপরেই তিনি আবার অন্য একজনকে ফোন করে উবের সংক্রান্ত এক জালিয়াতির কারণে একজনের আইডি ব্লক হয়ে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা করেন।
নাটকের এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর চালক সেই প্রথম বন্ধুকে ফোন করে প্রায় মিনিট পাঁচেক ধরে প্রেম এবং সম্পর্ক নিয়ে পরামর্শও দেন। পুরো সফরের ঘটনা তিনি তার প্রেমিকাকেও ফোনে জানিয়ে দেন!
নেটিজেনদের মধ্যে হাসির রোল
অনিচ্ছাকৃতভাবে এই সম্পূর্ণ কাহিনির সাক্ষী থাকার পর পোস্টে ওই যাত্রী মুগ্ধ হয়ে লিখেছেন, “আমার পরিচিত যে কোনও ব্যক্তির চেয়ে এই মানুষটির সামাজিক জীবন অনেক বেশি আকর্ষণীয়। আমি ওকে কী করে বলি যে আমি এখন এই সফর শেষ করতে চাই না?”
ভাইরাল হওয়া এই পোস্টটি নিয়ে নেটদুনিয়ায় ইতিমধ্যেই হাসির রোল উঠেছে।
নেটিজেনরা মন্তব্য করেছেন: “এই কারণেই ভারতে কোনও সাজানো নাটকের প্রয়োজন নেই। রাস্তাই এখানে চিত্রনাট্য লেখে।”
অনেকেই পরবর্তী ঘটনা জানতে চেয়েছেন: “ডাইরেক্ট রাইড বুক করো উসকে সাথ অ্যান্ড শেয়ার নেক্সট আপডেট (ওর সঙ্গে সরাসরি পরবর্তী গাড়ির ব্যবস্থা করে পরের খবর জানান)।”
বেঙ্গালুরুর অনেক বাসিন্দা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে, সেখানকার ক্যাব চালকদের এমন আকর্ষণীয় সামাজিক জীবন খুবই সাধারণ ঘটনা।
পোস্টটি ইতিমধ্যেই ২২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে, যা প্রমাণ করে চালকের এই ব্যক্তিগত নাটক কতটা জনপ্রিয়তা পেয়েছে।