“দেব ভালো ছেলে কিন্তু….?”-দিলীপ ঘোষের ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ, তৃণমূলের পাল্টা জবাব

টলিউড সুপারস্টার দেবকে ঘিরে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্র ও ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে দেবের অনুপস্থিতির প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষের পাশাপাশি, তাঁর রাজনীতিতে টিকে থাকার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ। এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বাগযুদ্ধ শুরু হয়েছে।

দিলীপ ঘোষ দেবের ব্যক্তিগত প্রশংসা করলেও, ঘাটালের বন্যা পরিস্থিতিতে সাংসদ হিসেবে তাঁর অনুপস্থিতিকে তীব্রভাবে আক্রমণ করেছেন। দিলীপ বলেন, “দেব ভালো ছেলে। কিন্তু, নিকম্মা ভালো ছেলে! আমার ছেলে কোনো কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে?” বর্ষায় বানভাসি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার অভিযোগ পুরোনো হলেও, এবার সাংসদ দেবের অনুপস্থিতি নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। সম্প্রতি স্কটল্যান্ড থেকে ফিরে দেব ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিলেও, একবারও নিজের সংসদীয় এলাকায় কেন এলেন না, সেই প্রশ্নও তোলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।

কটাক্ষের সুরে দিলীপ ঘোষ আরও বলেন, “দেব প্রত্যেকবার ভোটে দাঁড়ানোর আগে বলে, এ বারে যদি ঘাটালের সমস্যার সমাধান না করি, রাজনীতি ছেড়ে দেব। ও আবার ভোটে দাঁড়ায় আর মানুষ আবার ভোট দেয়। ঘাটালের মানুষকে ছ’মাস জলের মধ্যে থাকতে হয়। ওর কোনো দায়িত্ব নেই! দম থাকে তো ইস্তফা দিক।”

ঘাটাল বন্যা নিয়ে দেবের তীব্র সমালোচনা করলেও, এই তারকা সাংসদের রাজনীতিতে থাকার পেছনে ‘ব্ল্যাকমেলের’ তত্ত্ব খাড়া করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, “তৃণমূল ব্ল্যাকমেল ও ষড়যন্ত্র করে অভিনেতাকে ভোটে দাঁড় করাচ্ছে। এই চাপে পড়েই নির্বাচনে দাঁড়াচ্ছেন দেব।” দিলীপের দাবি, “দেবকে ব্ল্যাকমেল করা হয়। গরু পাচারের টাকা নিয়ে তাঁকে যে ডাকা হয়েছিল, সেটা তৃণমূলের লোকেরাই ষড়যন্ত্র করে করিয়েছিল। দেবকে বলা হয়, তুমি ভোটে না দাঁড়ালে তোমার সিনেমা বন্ধ করে দেবো। প্রোডাকশন বন্ধ করে দেব। আর সেই কারণেই বাধ্য হয়ে ভোটে দাঁড়াচ্ছে।” এখানেই না থেমে দিলীপ দেবকে পরামর্শ দেন, “মেদিনীপুরের লোকেদের মেরুদণ্ড রয়েছে। তাঁরা চামচাগিরি করেন না। চোরেদের কাছে মাথা নত করো না। দম থাকলে বেরিয়ে এসো।”

দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি দিলীপকে কটাক্ষ করে বলেন, “দিলীপ ঘোষের এখন আর কোনো গ্রহণযোগ্যতা নেই। কখন কী বলে, কী করে, নিজেই জানে না! আগে নিজেকে নিয়ে ভাবুন, পরে অন্যের সম্পর্কে মন্তব্য করবেন। দেব দেবই! ঘাটালবাসী দেবকে ভালোবাসেন। দেব আবার ভোটে দাঁড়াবেন আর ২ লক্ষ ভোটে জিতবেন।” এই ঘটনা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তারকাদের ভূমিকা এবং তাদের রাজনৈতিক অবস্থানের গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে।