“দেবের ‘লাকি চার্ম’ কি আউট? না কি দেশু ৭-এ বড় টুইস্ট আনছেন ইধিকা পাল!

টলিউডের অন্দরে এখন একটাই চর্চা—দেব ও শুভশ্রীর বহু প্রতীক্ষিত কামব্যাক ছবি ‘দেশু ৭’। পর্দায় দেব-শুভশ্রীর ম্যাজিক দেখতে যখন চাতক পাখির মতো চেয়ে রয়েছেন অনুরাগীরা, ঠিক তখনই ছবি ঘিরে সামনে এল এক নতুন ও চাঞ্চল্যকর তথ্য। গুঞ্জন শোনা যাচ্ছে, এই ছবিতেই নাকি একবারে নতুন অবতারে ধরা দিতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ তথা ‘বং ক্রাশ’ ইধিকা পাল।
ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে ফিসফাস শোনা যাচ্ছে, দেবের ‘লাকি চার্ম’ ইধিকা বাদ পড়ছেন না ‘দেশু ৭’ থেকে। বরং এই ছবিতে তিনি কোনো সাধারণ চরিত্রে নয়, একেবারে আইটেম গার্ল হিসেবে কোমর দোলাতে চলেছেন! শুধু তাই নয়, এই বিশেষ গানে নাকি বাংলার দুই সুপারস্টার দেব ও অনির্বাণ ভট্টাচার্যকে একসঙ্গে দেখা যেতে পারে। ইতিমধ্যেই গঙ্গাবক্ষে নাকি এই আইটেম গানটির শুটিংও সেরে ফেলেছেন নির্মাতারা। যদিও এ বিষয়ে দেব, ইধিকা বা ছবির টিম থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও এই গোপন তথ্য ফাঁস হতেই উত্তেজনার পারদ চড়েছে তুঙ্গে।
২০২৪ সালে ‘খাদান’ ছবির মাধ্যমে দেবের হাত ধরেই বড়পর্দায় ডেবিউ করেছিলেন ইধিকা পাল। এই ছবির ‘কিশোরী’ গান এবং দেব-ইধিকার অনস্ক্রিন কেমিস্ট্রি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এরপর ‘রঘু ডাকাত’ কিংবা ‘প্রজাপতি ২’-এর মতো প্রজেক্টেও দেবের বিপরীতে ইধিকার নাম জড়িয়েছে। যদিও দেবের ব্যক্তিগত জীবন বা সহকর্মী রুক্মিণীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়িয়েছে, তবে পেশাগতভাবে দেবের কেরিয়ারে ইধিকার উপস্থিতি সবসময়ই বিশেষ নজর কেড়েছে। এবার দেব-শুভশ্রীর সাত নম্বর ছবি ‘দেশু ৭’-এ ইধিকার এই নতুন চমক ছবিটির হাইপ আরও বাড়িয়ে দিল।
ওপার বাংলা থেকে সৃজিতের ছবি—উড়ান ছুটছে ইধিকার
শুধু টলিউড বা ‘দেশু ৭’ নয়, ইধিকা পালের কেরিয়ার এখন গ্রাফ উর্ধ্বমুখী। একের পর এক বড় প্রোজেক্ট রয়েছে তাঁর ঝুলিতে। টলিউডের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিরও নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। চরিত্রের প্রয়োজনে তিনি এখন নিয়মিত ক্রিকেটের প্রশিক্ষণও নিচ্ছেন। পাশাপাশি, ওপার বাংলাতেও তাঁর কেরিয়ার দারুণ সফল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর পর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী ছবিতেই ফের ইধিকার নায়িকা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, ছোটপর্দার ‘রিমলি’ থেকে আজ দুই বাংলার জনপ্রিয় নায়িকা হয়ে ওঠার লড়াইয়ে ইধিকা যে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছেন, তা বলাই বাহুল্য।