“দেখো গুজরাতের হৃদয় চলে এসেছে!” শুভমনকে বরণ করে হুঙ্কার টাইটান্স শিবিরের

আইপিএলের ১৯তম সংস্করণের দামামা বেজে গিয়েছে। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলা কোটিপতি লিগের জন্য চড়ছে উত্তেজনার পারদ। প্রথম ম্যাচের ঠিক ১৫ দিন আগে গুজরাত টাইটান্স শিবিরে যোগ দিলেন দলের অধিনায়ক ও জাতীয় দলের মহাতারকা শুভমন গিল। সোশাল মিডিয়ায় গিলের প্রত্যাবর্তনের ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজি লিখেছে, “দেখো গুজরাতের হৃদয় চলে এসেছে।” গিলের পাশাপাশি এদিন শিবিরে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পেসার মহম্মদ সিরাজও।

২০২২-এর চ্যাম্পিয়নরা এবার তাদের ব্যাটিং শক্তি বাড়াতে কিংবদন্তি ম্যাথু হেডেনকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে। হেড কোচ আশিস নেহরার সহকারী হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজয় দাহিয়া। ৩১ মার্চ নিউ চণ্ডীগড়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টাইটান্স। প্রথম পর্বের চারটি ম্যাচের মধ্যে তিনটিই গিলের দলকে খেলতে হবে বিদেশের মাটিতে।

এবারের নিলামের আগে শুভমন গিল, সাই সুদর্শন, রশিদ খান এবং জস বাটলারের মতো তারকাদের ধরে রেখেছে গুজরাত। মিনি নিলাম থেকে জেসন হোল্ডার ও টম ব্যান্টনের মতো বিধ্বংসী ক্রিকেটারদের দলে নিয়ে নিজেদের ভারসাম্য আরও মজবুত করেছে তারা। গত চার বছরের মধ্যে তিনবার প্লে-অফে ওঠা টাইটান্স কি এবার দ্বিতীয় খেতাব ঘরে তুলতে পারবে? উত্তর লুকিয়ে মাঠের পারফরম্যান্সে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy