দুর্নীতির তদন্তে বিরাট ধাক্কা! মুরলিধর-আকাশ মেঘারিয়া সহ ৩ দুঁদে আইপিএসকে বসাল নবান্ন, কড়া নজরে মুখ্যমন্ত্রী

সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে আরও বেশি কড়া ও নিরপেক্ষ হওয়ার পথে হাঁটল রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রাজ্য পুলিশের অধীনস্থ অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ বা এসিবি (ACB)-কে আরও শক্তিশালী করে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিল নবান্ন। মঙ্গলবার সকাল ১০টার মধ্যেই এই নতুন দুর্নীতি দমন শাখায় অফিসারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ দুঁদে আইপিএস সহ বড় নিয়োগ
দুর্নীতিদমন শাখাকে আরও গতিশীল করতে এক ধাক্কায় রাজ্য পুলিশ অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে তিন জন আইপিএস অফিসারকে নিয়োগ করেছে। তাঁরা হলেন—
আইপিএস মুরলিধর শর্মা
আইপিএস আকাশ মেঘারিয়া
আইপিএস কামানেসিস সেন
শুধু এই তিন আইপিএস অফিসারই নন, এর পাশাপাশি এসিবি-তে আরও ১৬ জন নতুন অফিসারকে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের অধীনস্থ সরকারি অফিসার ও কর্মচারীদের বিরুদ্ধে জমা পড়া দুর্নীতির অভিযোগগুলির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই ব্যাপক রদবদল। পুরো বিষয়ের ওপর বিশেষ নজর থাকবে খোদ মুখ্যমন্ত্রীর কার্যালয়েরও।