দু’বছর ধরে নিখোঁজ, মানসিক ভারসাম্যহীন যুবককে বিহারের বাড়িতে ফেরাল রায়দিঘি থানার পুলিশ

প্রায় দু’বছর ধরে রায়দিঘির বিভিন্ন প্রান্তে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। কথা জিজ্ঞাসা করা হলে তার কাছ থেকে পাওয়া যেত না কোনো স্পষ্ট উত্তর। অবশেষে রায়দিঘি থানার পুলিশের মানবিক প্রচেষ্টায় তার পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং তাকে বিহারে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম সাইফুদ্দিন হক ওরফে আরমান (২৩)। রায়দিঘি থানার পুলিশকর্মী বিপুল কর্মকার দীর্ঘদিন ধরে তাকে এলাকায় ঘুরতে দেখছিলেন। সন্দেহ হওয়ায় তিনি যুবককে জিজ্ঞাসাবাদ করেন এবং মাঝেমধ্যে খাবারও দিতেন। সম্প্রতি যুবকটি তার পরিচয় সম্পর্কে কিছু তথ্য দিলে আইসি মানস চ্যাটার্জির উদ্যোগে তাকে বাড়িতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়।

পুলিশকর্মী বিপুল কর্মকার যুবকের দেওয়া তথ্য থেকে তার ঠিকানা খুঁজে বের করেন। বিহারের দ্বারভাঙা জেলার ইচরাহাটাতে তার পরিবারকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কর্ণাটকে পরিযায়ী শ্রমিকের কাজ করা সাইফুদ্দিনের দাদা আজিমুদ্দিন হক রায়দিঘি থানায় ছুটে আসেন। তিনি জানান, গত দু’বছর ধরে তারা সাইফুদ্দিনের খোঁজ করছিলেন। এতদিন পর ভাইকে ফিরে পেয়ে তারা অত্যন্ত খুশি।

সাইফুদ্দিন কীভাবে রায়দিঘিতে এলেন, তা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন পর ভাইকে ফিরে পেয়ে আজিমুদ্দিন রায়দিঘি থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।