গুরু-শিষ্য সমঝোতা? উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সাংসদরা কেন বিজেপিকে ভোট দিলেন, ফাঁস করলেন বিধায়ক

উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এবার বড়সড় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তেলঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র বিধায়ক পি কৌশিক রেড্ডি বিস্ফোরক অভিযোগ তুলেছেন যে, উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের তিন সাংসদ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির নির্দেশে এনডিএ মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক রেড্ডি দাবি করেছেন, “তিনজন কংগ্রেস সাংসদ গোপনে আমাকে বলেছিলেন যে তারা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির নির্দেশে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন। এমনকী তারা আমাকে একটি সাংবাদিক সম্মেলন করে এই খবর প্রকাশ করতে বলেছেন।”
কৌশিক রেড্ডি আরও অভিযোগ করেন, এই ক্রস-ভোটিংয়ের পেছনে রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মধ্যে একটি ‘গুরু-শিষ্য’ সমঝোতা। কারণ রেবন্ত রেড্ডি ২০১৬ সাল পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টির সঙ্গে যুক্ত ছিলেন।
বিআরএস বিধায়ক আরও দাবি করেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে ১৫ জন কংগ্রেস সাংসদ বিক্রি হয়ে গিয়েছিলেন, যার মধ্যে তেলাঙ্গানার ৮ জন কংগ্রেস সাংসদও রয়েছেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন প্রত্যাশার চেয়ে ১৪টি ভোট বেশি পাওয়ায় বিরোধী শিবিরে ক্রস-ভোটিংয়ের সন্দেহ দেখা দিয়েছে। অন্যদিকে, বিরোধী জোটের প্রার্থী প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির ঝুলিতে প্রত্যাশিত ৩১৫টি ভোট না গিয়ে ১৫টি ভোট কম পড়ায় জোটের অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে। তবে যেহেতু ভোট গোপন ব্যালটে হয়, তাই কারা ক্রস-ভোট করেছেন, তা নির্দিষ্টভাবে জানা সম্ভব নয়।