দু’দিন নিখোঁজ থাকার পর পাড়ার পুকুরে ভাসল যুবকের দেহ! কাটোয়ায় ওষুধ দোকানের কর্মীকে ‘খুনের’ অভিযোগ পরিবারের

দু’দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পাড়ার পুকুর থেকে উদ্ধার হল কাটোয়ার এক যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে কাটোয়ার ভূতনাথতলা এলাকার সাহেব বাগান পুকুরে ভাসতে দেখা যায় কার্তিক মাঝি (৩২) নামে ওই যুবকের দেহ। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পেশায় ওষুধের দোকানের কর্মী কার্তিক মাঝি গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। দু’দিন ধরে তাঁর কোনও খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কাটোয়া থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।
পরিবারের অভিযোগ ‘খুন’: এদিন সকালে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে কাটোয়া থানার পুলিশ। পুকুর থেকে দেহ তোলার পর আত্মীয়-স্বজনেরা কার্তিককে শনাক্ত করেন। শোকে ভেঙে পড়া পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, কার্তিককে সম্ভবত খুন করা হয়েছে।
কাটোয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই যুবককে খুন করা হয়েছে নাকি অন্য কোনও ঘটনা রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তে কী তথ্য উঠে আসে, সেটাই এখন দেখার।