দুই দেশের ‘প্রিয় ভাই’ শাহবাজ! ইরান-আমেরিকা যুদ্ধবিরতির নেপথ্যে পাকিস্তানের মাস্টারস্ট্রোক

মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে আচমকাই শান্তির হাওয়া। ইরান ও আমেরিকার মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার নেপথ্যে এবার উঠে এল পাকিস্তানের অভাবনীয় কূটনৈতিক ভূমিকা। ইরানের বিদেশমন্ত্রী স্বয়ং সোশ্যাল মিডিয়ায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরকে “প্রিয় ভাই” সম্বোধন করে এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বার্তা শেয়ার করায় ইসলামাবাদের আন্তর্জাতিক গুরুত্ব একলাফে কয়েকগুণ বেড়ে গিয়েছে।

আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের এক টেবিলে বসার আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরিফ। লক্ষ্য— স্থায়ী শান্তিচুক্তি। তবে এই সাফল্যের মাঝেই তৈরি হয়েছে বিতর্ক। শাহবাজের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভুলবশত ‘ড্রাফট’ শব্দটি থেকে যাওয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অভিযোগ উঠেছে, হোয়াইট হাউসের বার্তা হুবহু কপি করতে গিয়েই এই বিপত্তি। তবুও কূটনীতির লড়াইয়ে পাকিস্তান এখন চালকের আসনে। ইরানের সঙ্গে সীমান্ত সম্পর্ক এবং আমেরিকার সঙ্গে সাম্প্রতিক ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়েই এই জটিল সমীকরণে ভারসাম্য বজায় রাখতে পেরেছে ইসলামাবাদ। তবে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy