দিল্লীতে ভয়াবহ BMW-এর ধাক্কা! নিহত অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, গ্রেফতার মহিলা চালক

দিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে রবিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। এই ঘটনায় অভিযুক্ত বিএমডব্লিউ গাড়ির মহিলা চালককে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয়।
রবিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি নভজোৎ সিং তার স্ত্রী সন্দীপ কৌরকে নিয়ে মোটরসাইকেলে করে দিল্লি ক্যান্ট মেট্রো স্টেশনের কাছে রিং রোড ধরে যাচ্ছিলেন। গুরুগ্রামের বাসিন্দা গগনপ্রীত কৌর নামের এক মহিলা তার বিএমডব্লিউ এক্স৫ গাড়ি চালাচ্ছিলেন, সঙ্গে ছিলেন তার স্বামী এবং দুই সন্তান।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎই গগনপ্রীতের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় এবং পিছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করে। ধাক্কার ফলে মোটরসাইকেলটি ডিভাইডার এবং তারপর একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। নভজোৎ সিং ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী সন্দীপ কৌর মাথায় গুরুতর আঘাত এবং ফিমার ভেঙে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর গগনপ্রীত কৌর ও তার পরিবারের সদস্যরা আহত নভজোৎ ও তার স্ত্রীকে নিউ লাইফ হাসপাতালে নিয়ে যান, যা দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। অভিযোগ উঠেছে যে, এই হাসপাতালটি অভিযুক্ত মহিলার পরিবারের সঙ্গে যুক্ত। নভজোতের ছেলে এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমার বাবাকে যদি কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো তার জীবন বাঁচানো যেত। বাবার মৃত্যু তাৎক্ষণিক হয়নি, কিন্তু ভুল হাসপাতালে নেওয়ায় চিকিৎসায় দেরি হয়েছে।”
নভজোৎ সিং অর্থ মন্ত্রণালয়ের একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে মন্ত্রণালয়ের সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তার স্ত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।