যাতায়াতের ঝক্কি কমিয়ে গতির নতুন ইতিহাস লিখতে আজ রবিবার উত্তরপ্রদেশের মিরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১২,৯৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ডালি নিয়ে উপস্থিত হচ্ছেন তিনি। এই সফরের মূল আকর্ষণ হলো দেশের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS) বা ‘নমো ভারত’ ট্রেনের পূর্ণাঙ্গ করিডোর এবং মিরাট মেট্রোর উদ্বোধন।
আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ শতাব্দী নগর স্টেশন থেকে এই পরিষেবার ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী। ৮২ কিলোমিটার দীর্ঘ এই করিডোর দিল্লি ও মিরাটের দূরত্বকে এক নিমেষে কমিয়ে আনল। ১৮০ কিমি সর্বোচ্চ গতিবেগের এই ট্রেনটি বর্তমানে দেশের দ্রুততম আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি মিরাটে একই ট্র্যাকে চলবে মেট্রোও, যা দেশের মধ্যে প্রথম। ১২০ কিমি গতিবেগের এই মেট্রো পরিষেবা দক্ষিণ মিরাট থেকে মোদিপুরম পর্যন্ত পথ মাত্র ৩০ মিনিটে পার করে দেবে। দিল্লির সরাই কালে খাঁ স্টেশনে রেল, মেট্রো ও বাস টার্মিনাসের সংযোগ যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। আজকের এই মেগা উদ্বোধনের পর এক জনসভায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।