দিল্লি বিস্ফোরণে শোকপ্রকাশ রাষ্ট্রপতির, ‘যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আন্তরিক সমবেদনা’

দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার গভীর রাতে তিনি সমাজমাধ্যম এক্স-এ একটি বার্তায় মৃতদের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্যের কামনা করেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর এক্সবার্তায় লেখেন, “দিল্লিতে সংঘটিত বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
বিস্ফোরণের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: বিস্ফোরণের ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিস্ফোরণের মূল চক্রী উমর উন নবি তার সহযোগী দুই চিকিৎসক – মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাঠারকে রবিবার গ্রেফতারের খবর জানার পরই ভয় পেয়ে যায়। আর এই ভয় থেকেই উমর সোমবার সন্ধ্যায় বিস্ফোরণ ঘটায়।
জানা গেছে, বিস্ফোরণের আগে ওই জঙ্গি মডিউলের আস্তানা থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং রাজ্য পুলিশ প্রায় ২৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছিল। সোমবার সন্ধ্যায় লালকেল্লার পাশে নেতাজি সুভাষ মার্গে একটি সাদা গাড়ি বিস্ফোরিত হয়, যার চালকের আসনে ছিল উমর উন নবি।