দিল্লি বিস্ফোরণে তোলপাড় দেশ! বাঁকুড়ায় এসে কড়া বার্তা রাজ্যপালের, ‘আমাদের শক্তিশালী সরকার আছে, দেশ ঘুরে দাঁড়াবে’

সোমবার সন্ধ্যায় দেশের রাজধানীতে ঘটে যাওয়া ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী ও গোয়েন্দা সংস্থাগুলি। এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ওপর আস্থা রাখার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর দাবি, ভারতের গণতন্ত্র ও সরকার যথেষ্ট শক্তিশালী, দেশ দ্রুত পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়াবে।
মঙ্গলবার সকালে বাঁকুড়ার একটি কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যপাল সিভি আনন্দ বোস অন্ডাল বিমানবন্দরে নামার পর দিল্লি বিস্ফোরণের তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন।
দিল্লি বিস্ফোরণে রাজ্যপালের প্রতিক্রিয়া: রাজ্যপাল বলেন, “অত্যন্ত অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। আমাদের দেশে শক্তিশালী গণতন্ত্র এবং বলিষ্ঠ একটি সরকার রয়েছে। পরিস্থিতির মোকাবিলার জন্য সরকার যা যা করার তা করছে। এর বিরুদ্ধে যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার, নিশ্চিতভাবে সরকার তা করবে। আমাদের দেশের জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার জন্য যে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, সরকার তা নেবে।”
উল্লেখ্য, লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে এই গাড়িবোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দিল্লি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত আই-২০ গাড়িটি চালাচ্ছিল পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ নামের এক পেশায় চিকিৎসক। সূত্রের দাবি, ফরিদাবাদে উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গেও এই বিস্ফোরণের যোগসূত্র পাওয়া গিয়েছে।
দিল্লির এই হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে। সেই তালিকায় কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি শহর রয়েছে। এ দিন রাজ্যপালের নিরাপত্তায় তারই প্রভাব দেখা গেল। অন্ডাল বিমানবন্দরে রাজ্যপালের নিয়মিত নিরাপত্তার বাইরেও সেনার অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। সিভি আনন্দ বোসের পাশে ৯ জন সশস্ত্র জওয়ানকে দেখা যায়। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের বাহিনীও নিরাপত্তার দায়িত্বে ছিল।