দিল্লি বিস্ফোরণের ছায়া কলকাতায়! ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের আগে ইডেন গার্ডেন্সে সেনার সঙ্গে পুলিশের কড়া নজরদারি

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশ যখন উচ্চ সতর্কতায়, ঠিক তখনই ক্রিকেটের মেগা ইভেন্ট—ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের আয়োজন করছে কলকাতা। এই পরিস্থিতিতে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করল কলকাতা পুলিশ।

পুলিশ কমিশনারের জরুরি বৈঠক: মঙ্গলবার লালবাজারে পুলিশ কমিশনার মনোজ ভর্মা (Manoj Verma) ও.সি, এ.সি, ডি.সি-দের সঙ্গে একটি ভার্চুয়াল জরুরি বৈঠক করেন। প্রায় ২৫ মিনিটের এই বৈঠকে কমিশনার প্রয়োজনে ‘হঠাৎ হঠাৎ’ নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন। দিল্লিতে যেহেতু গাড়িকে ব্যবহার করে বিস্ফোরণের ছক কষা হয়েছে, তাই শহরেও একই ধরনের নাশকতা এড়াতে এই বাড়তি পুলিশি তৎপরতা।

ইডেন গার্ডেন্সে কঠোর নিরাপত্তা: টেস্ট ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে আজ বিকেলেই ডিসি সাউথসহ পুলিশ কমিশনার মনোজ ভর্মা ইডেনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৌঁছন। ম্যাচ যেহেতু সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা ইডেনে, তাই পুলিশের পাশাপাশি সেনা কর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার মনোজ ভর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যা যা করণীয় পুলিশ সবটাই করছে। গতকাল এবং আজও আমরা বৈঠক করেছি, যাতে নিরাপত্তায় কোনওরকম ফাঁকফোকর না থাকে। খেলার ভেন্যু, দুই দল এবং দলের ম্যানেজমেন্ট, সবার জন্যই যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হবে না বলেই আমরা আশা করছি।” ভারত ও দক্ষিণ আফ্রিকা—দুই টিমের জন্যই বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর।

গোয়েন্দা সতর্কতা ও নজরদারি: লালবাজার সূত্রে জানা গেছে, গোয়েন্দাদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ বাংলাদেশ বা নেপালের পরিস্থিতির সুযোগ নিতে না পারে।

এসটিএফ (STF)-এর এসিপি ভি সলমন নিশাকুমার পুলিশ কমিশনারের বৈঠকে আশঙ্কা প্রকাশ করে বলেন, “বিভিন্ন জঙ্গি গোষ্ঠী জঙ্গি মডিউল তৈরিতে কলকাতাকে ব্যবহার করতে পারে। এব্যাপারে সতর্ক থাকতে হবে এবং খবর রাখছে STF।” এছাড়া শীতে কাশ্মীর ও আফগানিস্তান থেকে যেসব শাল বিক্রেতা শহরে আসেন, তাঁদের বিষয়ে তথ্য রাখার নির্দেশ দিয়েছে লালবাজার।