২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজের খাসতালুক বহরমপুরে পরাজয়ের পর এবার কি ফের বিধানসভার লড়াইয়ে ফিরছেন অধীর রঞ্জন চৌধুরী? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কংগ্রেস হাইকম্যান্ড সূত্রে খবর, বর্ষীয়ান এই নেতাকে আসন্ন ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকেই প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ ২৫ বছর ধরে লোকসভার সাংসদ থাকলেও সংসদীয় রাজনীতিতে অধীর চৌধুরীর হাতেখড়ি হয়েছিল এই বিধানসভা থেকেই। ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ১৯৯৯ সাল থেকে টানা পাঁচবার বহরমপুরের সাংসদ হিসেবে দিল্লির রাজনীতিতে দাপট দেখিয়েছেন। কিন্তু গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হওয়ার পর অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়। দলীয় সূত্রে খবর, প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে অব্যহতির পর এখন তিনি অনেক বেশি ‘মুক্ত’। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় তাঁর মতো অভিজ্ঞ নেতাকে পাঠাতে চাইছে এআইসিসি (AICC)।
কংগ্রেস নেতৃত্বের মতে, বাংলার রাজনীতিতে অধীর চৌধুরীর জনভিত্তি এবং অভিজ্ঞতা দলের শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়বে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) বৈঠকের পর। বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীরের প্রতিদ্বন্দ্বিতা করার খবর চাউর হতেই মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। ঘরের ছেলে কি পারবেন ফের নিজের গড় পুনরুদ্ধার করতে? উত্তরের অপেক্ষায় বাংলার রাজনৈতিক মহল।