দিল্লির দরবারে কি ব্রাত্য রাষ্ট্রপতি? পুরনো ছবি হাতিয়ার করে শাহের চ্যালেঞ্জ গ্রহণ করলেন অভিষেক!

সম্প্রতি রাষ্ট্রপতিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করে জানিয়েছিলেন যে, বিজেপি রাষ্ট্রপতিকে সর্বোচ্চ সম্মান দেয়। কিন্তু সেই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি নির্দিষ্ট ভিডিও ও ছবির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দেশের প্রধান সেবক যেখানে বসে আছেন, সেখানে দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

অভিষেক এদিন কড়া সুরে বলেন, “অমিত শাহ সৌজন্যের কথা বলছেন? দেশের মানুষ দেখছে কীভাবে প্রধানমন্ত্রী নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বা অন্যান্য অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে পেছনে সরিয়ে রাখছেন। রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন আর প্রধানমন্ত্রী বসে কথা বলছেন—এই দৃশ্য কি সম্মানের পরিচয় দেয়?” তিনি আরও অভিযোগ করেন, বিজেপি একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদে বসিয়ে কেবল ভোটের রাজনীতি করেছে, কিন্তু বাস্তবে তাঁর পদের মর্যাদাকে খাটো করছে। মণিপুর নিয়ে রাষ্ট্রপতির নীরবতা কেন, সেই পুরনো প্রশ্ন উসকে দিয়ে অভিষেক স্পষ্ট করে দেন যে, মে মাসের ‘আসল সিনেমা’য় এই অপমানের জবাব দেবে বাংলা।