দিল্লিতে মহাগ্রেপ্তার! মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসে প্রিজন ভ্যানে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের জাতীয় রাজনীতিতে ফের একবার চরম উত্তেজনার সৃষ্টি হলো। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ভোট চুরির একাধিক অভিযোগকে সামনে রেখে শনিবার দিল্লির সাউথ অ্যাভেনিউ চত্বরে এক বিক্ষোভ ও ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই কর্মসূচি চলাকালীনই পরিস্থিতি দ্রুত বদলায় এবং দিল্লি পুলিশ সেখান থেকে সরাসরি আটক করে তাঁকে। মমতার সঙ্গেই দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা-নেত্রী ও সংসদকেও প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওই এলাকায় জড়ো হয়ে তীব্র প্রতিবাদ দেখাতে শুরু করেন তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিবাদী ধর্না মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তোলার পাশাপাশি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কড়া প্রশ্ন তোলা হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই কারণে পুলিশি পদক্ষেপ করা হয় এবং আইনভঙ্গের অভিযোগে আন্দোলনকারীদের আটক করা হয়। দলের সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম এবং সাকেত গোখেলকেও এই গ্রেপ্তারি ও আটকের আওতায় আনা হয়েছে।

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলা হয়েছে যে, শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদের কণ্ঠরোধ করতেই কেন্দ্র সরকার এই দমনপীড়ন চালাচ্ছে। রাজধানীর বুকে খোদ রাজ্যের একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের এই আকস্মিক আটক হওয়ার খবর চাউর হতেই দেশের রাজনৈতিক অঙ্গনে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Aditi Banik
  • Aditi Banik