দিল্লিতে মমতার মেগা ফাইট! ২ ফেব্রুয়ারি কি জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছেন ক্ষুব্ধ নেত্রী?

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ‘তথ্য গড়মিল’ বা ‘SIR’ ইস্যুকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের সংঘাত এবার পৌঁছে গেল দিল্লির দরবারে। আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টের সময় এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী একাই নন, তৃণমূলের ১৫ জন শীর্ষ নেতার এক প্রতিনিধি দল এই হাই-ভোল্টেজ বৈঠকে উপস্থিত থাকবেন।

কেন এই জরুরি বৈঠক? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে অন্তত ৫টি কড়া চিঠি দিয়েছেন। তাঁর অভিযোগ, ‘SIR’ প্রক্রিয়ার নামে চক্রান্ত করে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বুধবার সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২ কোটি মানুষের নাম কেটে নির্বাচন কমিশন ঠিক করে দেবে কে ভোটার? এটা গণতন্ত্র, স্বৈরতন্ত্র নয়! সাবধান স্বৈরাচারীরা।” তিনি স্পষ্ট করেছেন, সাধারণ মানুষের হয়রানি রুখতেই তিনি নিজে দিল্লি যাচ্ছেন।

শুভেন্দুর পালটা আক্রমণ অন্যদিকে, দুর্গাপুরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রক্রিয়াকে সমর্থন করে তৃণমূলকে এক হাত নিয়েছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, “এখন তো মাত্র ৫৮ লক্ষ নাম বাদ গেছে, এটা সবে ব্রেকফাস্ট! লাঞ্চের পর দেখবেন তৃণমূল আর নেই।” তাঁর দাবি, মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে সরাতেই এই কঠোর পদক্ষেপ নিচ্ছে কমিশন।

শুনানি কেন্দ্রগুলিতে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষদের দীর্ঘ লাইন এবং চরম হয়রানির ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে। সোমবারের এই বৈঠকেই স্থির হবে ‘SIR’ প্রক্রিয়ার ভবিষ্যৎ এবং ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া এই আইনি ও রাজনৈতিক অচলাবস্থা কোন দিকে মোড় নেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy