রাতের আকাশ তো বটেই, এমনকি সকালের রোদ ঝলমলে আকাশেও এবার দেখা যেতে পারে এক মহাজাগতিক বিস্ময়। আর কয়েকদিনের মধ্যেই পৃথিবীর আকাশে ধরা দিতে চলেছে এক বিরল ধূমকেতু। গত জানুয়ারি মাসে চিলির আতাকামা মরুভূমির টেলিস্কোপে চারজন অপেশাদার আকাশ পর্যবেক্ষকের চোখে ধরা পড়েছিল এই জ্যোতিষ্কটি, যার নাম দেওয়া হয়েছে সি/২০২৬ এ১ (MAPS)।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধূমকেতুটি দ্রুত সূর্যের দিকে এগোচ্ছে। এপ্রিলের শুরুতে এটি সূর্যের অত্যন্ত কাছে (মাত্র ১ লক্ষ ২০ হাজার কিমি দূরে) পৌঁছে যাবে। তবে এখানে একটা বড় ‘যদি’ কাজ করছে। সূর্যের প্রচণ্ড তাপে যদি ধূমকেতুটি ধ্বংস না হয়ে টিকে থাকে, তবেই আমরা দিনের আলোতেও একে দেখতে পাব। যদি এটি রক্ষা পায়, তবে বিশ্ববাসী এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হবে। এখন দেখার, সূর্যের অগ্নিপরীক্ষা কাটিয়ে এই মহাজাগতিক অতিথি আমাদের দেখা দেয় কি না।