দিঘায় উঠলো টন টন ইলিশ, বাঙালির বর্ষার পাতে এবার মিলবে টাটকা ইলিশ, জানুন দাম?

বর্ষা মানেই বাঙালির পাতে গরম ভাতের সঙ্গে ইলিশের স্বাদ। কিন্তু গত কয়েক বছর ধরে সেই সাধ মেটাতে গিয়ে বহু ক্রেতাকে হতাশ হতে হয়েছে। তবে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। দিঘার সমুদ্রে ইলিশের আকাল কাটিয়ে এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে। বুধবার এক দিনেই দিঘায় উঠেছে প্রায় ২৮ টন ইলিশ, যার ফলে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। এই টাটকা, তাজা ইলিশ খুব শীঘ্রই কলকাতার বাজারগুলোতে ঢুকতে চলেছে।

এই মরশুমের শুরুতেও ইলিশের দেখা সেভাবে মেলেনি। ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর জাল ফেললেও ইলিশ উঠছিল মাত্র এক-দেড় কুইন্টাল। ফলে বাজারে চাহিদা থাকা সত্ত্বেও জোগান কম থাকায় দাম ছিল আকাশছোঁয়া। খুচরো বাজারে ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছিল ৮০০ থেকে ৯০০ টাকায়, আর বড় ইলিশের দাম ছিল ১৫০০ থেকে ২০০০ টাকা। ক্রেতাদের মন খারাপ করে বেশিরভাগ বাজারেই হিমঘরের ইলিশে ভরসা করতে হচ্ছিল।

মৎস্যজীবীরা জানান, এই ইলিশের আগমন কোনো আকস্মিক ঘটনা নয়। প্রতি বছর অমাবস্যা বা পূর্ণিমার সময় কোটালের জল বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ মোহনার দিকে চলে আসে। সেইমতো এবারও অমাবস্যার ভরা কোটালের জেরে সমুদ্র থেকে মোহনার দিকে ইলিশের ঢল নেমেছে। এই বিপুল পরিমাণ ইলিশ ওঠায় দাম কমারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে দিঘা মোহনার পাইকারি বাজারে ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১,০০০ টাকায়। মৎস্যজীবীরা আশা করছেন, জোগান বাড়লে দাম আরও কমবে।

এখন অপেক্ষায় দিন গুনছেন কলকাতার ভোজনরসিক বাঙালিরা। আশা করা যায়, আগামী রবিবার শহরের বাজারে টাটকা ইলিশের দেখা মিলবে, আর পাতে পড়বে বহু প্রতীক্ষিত ইলিশের সুখাদ্য।