আহান পান্ডের সঙ্গে হৃতিকের তুলনা, ‘বাপ তো বাপ হে, বেটা তো বেটা হি হোগা’ বললেন আমিশা

১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত আহান পান্ডে অভিনীত ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নবাগত অভিনেতা আহান রাতারাতি জনপ্রিয়তা লাভ করেছেন। অনেকেই তাঁর জনপ্রিয়তাকে ২০০০ সালের ‘কহ না পেয়ার হে’ ছবির মাধ্যমে হৃতিক রোশনের উত্থানের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ‘কহ না পেয়ার হে’ ছবির নায়িকা আমিশা প্যাটেল।

সম্প্রতি এক্স (X) হ্যান্ডেলে একটি ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে হৃতিকের সঙ্গে আহানের তুলনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমিশা বলেন, “আমি এখনও সিনেমাটি দেখিনি। তবে ওদের দুজনকেই আমার শুভকামনা। আমার মতে, আহান একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা। কিন্তু ‘বাপ তো বাপ হে, বেটা তো বেটা হি হোগা’। ডুগ্গু (হৃতিক) অনেক তারকাদের থেকে অনেক এগিয়ে রয়েছেন।” আমিশার এই মন্তব্য হৃতিকের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা এবং বিশ্বাসকেই তুলে ধরে।

এটি প্রথমবার নয় যে আমিশা এই বিষয়ে মন্তব্য করেছেন। এর আগেও মুম্বইয়ে এক অনুষ্ঠানে দুই ছবির মধ্যে তুলনা টানলে আমিশা বলেন, “সবার আগে আমি নবাগতদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমি এখনও সিনেমাটি দেখিনি, আমার পরিচিত বা বন্ধুবান্ধব কেউ দেখেনি। তাই সিনেমাটি সম্পর্কে কিছু বলা ভুল হবে। তবে এই তুলনা শুধু এখন নয়, ছবি মুক্তির আগে থেকেই অনেকেই দুটি সিনেমার মধ্যে তুলনা টেনে আনছেন।”

আমিশা আরও বলেন, “একজন নবাগতের সিনেমার সঙ্গে একটি কাল্ট ফিল্মের তুলনা করা হচ্ছে। ২৫ বছর ধরে একটি সিনেমা মানুষের মনে জায়গা করে নিয়েছে, তাই সেই সিনেমার সঙ্গে এই সিনেমার তুলনা চলে না।”

প্রসঙ্গত, ‘সাইয়ারা’ ছবিটি মাত্র এক সপ্তাহে ১৫০ কোটিরও বেশি ব্যবসা করেছে। সম্প্রতি এটি রণবীর কাপুরের ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই ছবিটি ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’-র বক্স অফিস কালেকশনকেও ছাপিয়ে যাবে।