সোমবার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি ‘মুদ্রাস্ফীতির জনক’ হিসেবে অভিহিত করেছেন। রাহুলের অভিযোগ, সরকার কিস্তিতে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে।
রাহুল গান্ধী বলেন, “গত কয়েক মাস ধরেই আমি অর্থনৈতিক সংকটের বিষয়ে সতর্ক করেছিলাম। অথচ প্রধানমন্ত্রী সেই সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন।” তাঁর দাবি, ভোট মিটতেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৮ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বড় বোঝা চাপিয়েছে। সরকার এককালীন দাম না বাড়িয়ে ধীরে ধীরে কিস্তিতে দাম বাড়াচ্ছে, যাতে মানুষের ক্ষোভ সরাসরি দানা বাঁধতে না পারে।
রাহুলের কটাক্ষ, বর্তমান সরকারের কাজই হলো নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া আর নির্বাচন শেষ হতেই জনতার উপার্জনের ওপর আঘাত হানা। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার অজুহাতে সোমবার পেট্রোল প্রতি লিটার ২.৬১ টাকা এবং ডিজেল ২.৭১ টাকা বাড়ানো হয়েছে। দুই সপ্তাহের কম সময়ে এটি চতুর্থ দফার মূল্যবৃদ্ধি। এই সিদ্ধান্তের ফলে দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরে পেট্রোলের দাম আবারও ১০০ টাকার গণ্ডি পার করেছে। মূল্যবৃদ্ধির এই ধারা সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা।





