টানা কয়েক মাস ভারতীয় শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর, অবশেষে বড়সড় প্রত্যাবর্তন ঘটাল বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (FPI)। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় ইকুইটি বাজারে রেকর্ড ২২,৬১৫ কোটি টাকার বিনিয়োগ করেছে বিদেশি সংস্থাগুলি। গত ১৭ মাসের ইতিহাসে এটি একক মাসে সর্বোচ্চ বিনিয়োগের রেকর্ড। টানা কয়েক মাস ধরে বড় অঙ্কের মূলধন তুলে নেওয়ার পর এই প্রত্যাবর্তনকে ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালটি ভারতীয় শেয়ার বাজারের জন্য ছিল অত্যন্ত কঠিন। গত বছর সামগ্রিকভাবে ভারতীয় ইকুইটি বাজার থেকে ১.৬৬ লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ তুলে নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় ছিল চলতি বছরের শুরুতেও। জানুয়ারিতে ৩,৫৯৬২ কোটি টাকা এবং তার আগে গত ডিসেম্বরে ২২,৬১১ কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছিল বিদেশি বিনিয়োগকারীরা। এমনকি নভেম্বরেও ৩,৭৬৫ কোটি টাকার লগ্নি বের করে নেওয়া হয়েছিল।
কিন্তু ফেব্রুয়ারি মাসে ছবিটা আমূল বদলে গিয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতীয় সংস্থাগুলির শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল এবং স্থিতিশীল জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাসই বিদেশি লগ্নিকারীদের ফের ভারতের দিকে আকৃষ্ট করেছে। এই বিপুল পরিমাণ পুঁজি বাজারে আসায় ব্যাঙ্ক, আইটি এবং অটোমোবাইল সেক্টরের শেয়ারগুলোতে বড়সড় উত্থান দেখা গিয়েছে। যদি এই বিনিয়োগের ধারা মার্চ মাসেও বজায় থাকে, তবে দালাল স্ট্রিট ফের নতুন উচ্চতা স্পর্শ করতে পারে বলে মনে করা হচ্ছে।c