সাধারণ মানুষ গাজর খান পুষ্টির জন্য, কিন্তু ২৫ বছর বয়সী চিনা তরুণী চেন কিন গাজর খান শিল্প সৃষ্টির জন্য! মধ্য চীনের হুবেই প্রদেশের এই তরুণী তাঁর দাঁতকে ব্যবহার করছেন খোদাই করার যন্ত্র হিসেবে। কোনও ছাঁচ বা যন্ত্র ছাড়াই শুধুমাত্র দাঁত দিয়ে কামড়ে গাজরের গায়ে তিনি ফুটিয়ে তুলছেন ‘গ্রেট ওয়াল অফ চায়না’, ‘ইয়েলো ক্রেন টাওয়ার’ কিংবা ঐতিহ্যবাহী ‘ফিনিক্স মুকুট’-এর মতো জটিল সব ভাস্কর্য।
পেশায় গ্রাফিক ডিজাইনার চেন জানিয়েছেন, ২০২৫ সালে অলসভাবে গাজর খাওয়ার সময় হঠাৎই তিনি খেয়াল করেন দাঁতের চাপে গাজরের গায়ে সুন্দর নকশা তৈরি হচ্ছে। সেই থেকেই শুরু। এ পর্যন্ত ১০০-র বেশি গাজর খোদাই করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও ১.২ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। অনেকে মজা করে বলছেন, চেনের মুখের ভেতর বোধহয় কোনও ‘থ্রিডি প্রিন্টার’ লুকানো আছে! তবে এই শিল্পের জন্য তাঁর চোয়ালে ব্যথা এবং গড়নেও পরিবর্তন আসছে বলে জানিয়েছেন চেন।





