দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় এক আইনের ছাত্রীকে ইভটিজিং বা উত্যক্ত করার অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই অভিযোগ দায়ের করতে গত রাতে থানায় গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু তাঁর অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, উল্টে থানার আইসি তাঁকে এবং তাঁর পরিবারকে চরম হেনস্থা করেন। এমনকি তাঁদের সঙ্গে অশালীন আচরণ এবং লক-আপে পুরে রাখার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
আইনের ছাত্রী হওয়ায় তিনি যখন নিজের আইনি অধিকারের কথা বলেন, তখন আইসি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে দাবি পরিবারের। নির্যাতিতার কথায়, “থানায় যদি মহিলারা সুরক্ষিত না থাকেন, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?” এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই তরুণী। পুলিশের ওপর আস্থা হারিয়ে এবার তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। নবান্নে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।