তেলেঙ্গানায় কংগ্রেসের এসসি সেলের নেতা খুন! উদ্ধার গুলিবিদ্ধ দেহ, তদন্তে পুলিশ

তেলেঙ্গানার মেডাক জেলায় কংগ্রেসের তফসিলি সেলের নেতা অনিল মারেল্লির রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটিকে সড়ক দুর্ঘটনা বলে মনে করা হলেও, পরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হওয়ায় ঘটনার মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। পুলিশ এখন এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই সন্দেহ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অনিল মারেল্লি মেডাক জেলার পায়তারা গ্রামের বাসিন্দা ছিলেন। প্রথমে খবর ছড়ায় যে, হায়দরাবাদের গান্ধীভবন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু রবিবার কোলচারম মন্ডলের ভারিগুন্টাম সাবস্টেশনের কাছ থেকে অনিলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হওয়ার পর এই ‘দুর্ঘটনা’র তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
তদন্তকারীরা জানিয়েছেন, এই যুবনেতার ঘাড়ের দুটি জায়গায় গুলি লেগেছিল। এছাড়াও তাঁর পিঠ ও হাতে আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনাস্থল থেকে বুলেটের খোলও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, ঘটনার মোড় ঘুরিয়ে দিতেই প্রথমে সড়ক দুর্ঘটনার তত্ত্বটি সাজানো হয়েছিল। তাঁরা আরও জানাচ্ছেন, অনিলকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। যে গাড়িতে তিনি ফিরছিলেন, তার সিটেও রক্তের দাগ মিলেছে। মৃত নেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অনিল মারেল্লির এই খুনের ঘটনায় রাজ্যের একাধিক দলিত নেতা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বেশ কয়েকটি দলিত সংগঠন ঘটনার একটি স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে। পুলিশ কর্তারা এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই সন্দেহ করছেন। হত্যাকারীদের দ্রুত শনাক্ত করতে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের আসল উদ্দেশ্য জানতে পুলিশ জোরকদমে তদন্ত চালাচ্ছে। এই ঘটনা তেলেঙ্গানার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।