Weather: নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হবে মুষলধারে বৃষ্টি, উত্তরবঙ্গেও জারি সতর্কতা!

গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, সপ্তাহজুড়ে ভিজবে বাংলা!
কলকাতা, ১৫ জুলাই, ২০২৫: শহর কলকাতায় টানা বৃষ্টি চলছে। সোমবারের মতোই মঙ্গলবারও মেঘলা আকাশ এবং বৃষ্টি দিয়ে তিলোত্তমার দিন শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে আজও মুষলধারে বৃষ্টিপাত চলতে পারে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা, যেখানে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিম্নচাপের প্রভাব ও বর্ষার অক্ষরেখা
আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে, এবং মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানের দিকে সরে গেছে। এর পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের নিম্নচাপের ওপর দিয়ে বিস্তৃত। এই সম্মিলিত প্রভাবে এই মরসুমে প্রথম মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে আজ, মঙ্গলবার রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা এবং শহরের নিচু অঞ্চলগুলিতে জল জমে যাওয়ায় সকাল থেকেই সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরছে, ফলে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গ:
মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারও কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমবে। বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেলে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে।
উত্তরবঙ্গ:
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের মতো আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি চলবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এবং রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে ১৯ ও ২০ জুলাই, অর্থাৎ শনি ও রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
নিম্নচাপের জেরে মঙ্গলবার সারাদিন উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছে।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া অফিস বলছে, এদিনও কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।