পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নয়া কম্পন সৃষ্টি করেছেন মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবীর। তৃণমূল ছেড়ে নিজস্ব দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP) গড়ার পর থেকেই তিনি শিরোনামে। তবে এবার কার সঙ্গে জোট গড়বেন এবং কাকে নেতা মানবেন, তা নিয়ে বড়সড় বিস্ফোরণ ঘটালেন ভরতপুরের এই বিধায়ক।
হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে তিনি যে কোনও দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে তাঁর জোটের অঙ্কে একটি বড় ‘শর্ত’ রয়েছে। তিনি জানিয়েছেন, জোট যার সঙ্গেই হোক না কেন, তাঁর দল ‘জনতা উন্নয়ন পার্টি’ রাজ্যের ১৩৫টি আসনে প্রার্থী দেবেই। বর্তমানে তাঁর দল ১৮২টি আসনে লড়াই করার মতো অবস্থানে রয়েছে বলে দাবি করলেও, জোট ধর্ম রক্ষার্থে তিনি বাকি ১৫৯টি আসন বাম-আইএসএফ-মিম (MIM)-এর জন্য ছাড়তে রাজি।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো জোটের নেতৃত্ব নিয়ে তাঁর অবস্থান। হুমায়ুন সাফ বলেছেন, “জোটের নেতা হিসেবে আমি একমাত্র মহম্মদ সেলিমকেই মানব।” সেলিমের বাইরে অন্য কাউকে জোটের মুখ হিসেবে তিনি গ্রহণ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন। মিম (MIM) ইতিমধ্যেই তাঁর কাছে ১৫টি আসনের প্রস্তাব দিয়েছে বলে দাবি হুমায়ুনের। এখন দেখার, এই ১৩৫ আসনের জেদ বজায় রেখে বাম বা আইএসএফ-এর সঙ্গে শেষ পর্যন্ত হুমায়ুন কবীরের সমীকরণ কোন দিকে মোড় নেয়।