তৃণমূল কর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, উধাও পরিবার, শুরু রাজনৈতিক বিতর্ক

বীরভূমের সদাইপুর থানার তুরুক গড়িহাট গ্রামে এক তৃণমূল কর্মীর দোতলা বাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার দুপুরে এই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বাড়ি থেকে বোমা তৈরির বিভিন্ন কাঁচামাল উদ্ধার করেছে। বিস্ফোরণের পর থেকেই বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যরা পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ গরিব নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণ হয়। এলাকায় তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বিস্ফোরণের পরপরই স্থানীয় বাসিন্দারা তার বাড়িতে ছুটে আসেন এবং দেখেন যে জানলার কাঁচ ভেঙে ধোঁয়া বেরোচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বাড়ির জানলার কাঁচ ভেঙে ঘরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং উঠোনে রক্তের দাগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা ফুটু বিবি বলেন, “আমি আওয়াজ শোনার পরেই দেখি ওই বাড়ির জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে।” বিস্ফোরণের সঠিক কারণ জানতে এবং শেখ গরিবের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। তার বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেলা সহ সভাপতি দীপক দাস বলেন, “এটা সন্ত্রাস অধ্যুষিত অঞ্চল। এখানে বোমা তৈরি হয়। এর পেছনে শাসক দলের নেতারা রয়েছেন।”

অন্যদিকে, তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় পাল্টা বলেন, “যেহেতু শাসক দল তৃণমূল, তাই কিছু হলেই আগে এই দলের দিকেই আঙুল ওঠে। পুলিশ তদন্তে নেমেছে। যদি সে দলের সঙ্গে যুক্ত থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনা আবারও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল।