লোকসভা ভোটের রণডঙ্কা বাজতেই রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে আক্রমণ শাণিত করল বিজেপি। হাওড়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা এলাকাগুলিতে তৃণমূলের ‘অনিয়ম ও অপশাসন’ নিয়ে একটি বিস্তারিত ‘চার্জশিট’ পেশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই তালিকায় তৃণমূলের হেভিওয়েট নেতা নির্মল মাঝি থেকে শুরু করে একাধিক বিধায়ক, কাউন্সিলর ও জনপ্রতিনিধির নাম উল্লেখ করা হয়েছে।
বিজেপির এই চার্জশিটে প্রধানত এলাকাভিত্তিক দুর্নীতি এবং নারী নিগ্রহের অভিযোগকে হাতিয়ার করা হয়েছে। দিলীপ ঘোষ অভিযোগ করেন, এই অঞ্চলগুলিতে একাধিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় সরাসরি তৃণমূলের প্রভাবশালী নেতারা জড়িত। ভোটের মুখে শ্রীরামপুর ও হুগলি শিল্পাঞ্চলে এই রাজনৈতিক চার্জশিট পেশ করে বিজেপি আদতে ঘাসফুল শিবিরকে নৈতিক চাপে ফেলার কৌশল নিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।