“তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে”, বিধায়ক রামেন্দু সিংহ রায়কে প্রকাশ্য চ্যালেঞ্জ সন্তুর

বিজেপিতে যোগ দিয়েই রাজনীতির ময়দানে ঝোড়ো ইনিংস শুরু করলেন সাংবাদিক হিসেবে পরিচিত মুখ সন্তু পান। মঙ্গলবার তারকেশ্বরের এক জনসভায় গেরুয়া পতাকা হাতে নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। মঞ্চে দাঁড়িয়ে সন্তুর সাফ কথা, “এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরাতে হবে।”

এদিনের সভায় সন্তু পান মূলত তৃণমূলের ‘কাটমানি’ সংস্কৃতি এবং নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হন। তাঁর দাবি, সাধারণ মানুষের হক কেড়ে নিয়ে এক শ্রেণির নেতা নিজেদের পকেট ভরছেন। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের দিকেও। তাঁর কথায়, এলাকার মানুষ আর দুর্নীতি সহ্য করবেন না, সময় এলেই এর যোগ্য জবাব দেওয়া হবে।

সন্দেশখালি পর্ব থেকে সংবাদ শিরোনামে আসা সন্তুর এই রাজনৈতিক পদক্ষেপে তারকেশ্বর সহ হুগলি জেলা বিজেপির কর্মীরা যথেষ্ট উজ্জীবিত। সন্তু জানিয়েছেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতেই তিনি সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন। অন্যদিকে, সন্তুর এই আক্রমণকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে রাজনৈতিক মহলের মতে, সন্তুর এই ঝাঁঝাল ভাষণ আগামী দিনে ওই এলাকায় সমীকরণ বদলে দিতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy