‘তৃণমূলের দালাল’! বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ফের পোস্টার যুদ্ধ, ভাইরাল নেতার ছবি

বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা-কে নিয়ে ফের পোস্টার যুদ্ধ শুরু হয়েছে। ‘আদি বিজেপি’ বা বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরা বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় অভিজিতের ছবি দিয়ে এই পোস্টার লাগিয়েছেন। গত এক মাসের মধ্যে এই নিয়ে পঞ্চমবার এমন ঘটনা ঘটল।
পোস্টারে অভিজিৎ তা-র নাম সরাসরি উল্লেখ না থাকলেও, তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। কিছু পোস্টারে তাঁকে ‘বামপন্থী হার্মাদ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অন্য পোস্টারে অভিযোগ করা হয়েছে যে তিনি তৃণমূলের সঙ্গে ‘সেটিং’ করে চলছেন এবং দলের অর্থ তছরুপ করেছেন। যদিও এই সব বিতর্ক সত্ত্বেও দল আবারও অভিজিৎকেই জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে।
এই পোস্টার প্রসঙ্গে অভিজিৎ তা সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, “এই নোংরামি যারা করছে, তাদের নিয়ে কথা বলতেও ঘেন্না হয়। কিছু পোস্টার বয় তৃণমূলের মদতে এসব করছে। দলে থেকে নোংরামি করতে পারছিল না বলে তারা নিজেরাই দলের বাইরে।”
অন্যদিকে, ‘আদি বিজেপি’ গোষ্ঠীর নেতা কেশব কোনার এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার কথা অস্বীকার করলেও পোস্টারের বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি বলেন, “আমি প্রতিবাদ করেছি, এটা ঠিক। কিন্তু এই পোস্টারের সঙ্গে আমার সম্পর্ক নেই। তবে পোস্টারে যা লেখা হয়েছে, সবই ঠিক। খোঁজ নিয়ে দেখুন, সব উত্তর পেয়ে যাবেন।”
তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ভোটের আগেই বিজেপির লোকরা এসব করে। আমাদের কেউ এই কাজে জড়িত নেই। যেখানে পোস্টার লাগানো হয়েছে, সব সিসিটিভি ক্যামেরায় ধরা আছে। ফুটেজ দেখলেই কারা লাগিয়েছে তা বোঝা যাবে।” তিনি আরও বলেন, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং এসব করে তারা শুধুমাত্র প্রচারে আসতে চাইছে।